Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফ্রিজে রাখা বাসি মাংস-খাবার! শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার রেস্তরাঁ, মিষ্টির দোকানে অভিযান খাদ্যসুরক্ষা দপ্তরের

শিলিগুড়ি শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের বারবার অভিযান চলার পরেও কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। একাধিক এলাকায় গজিয়ে ওঠা নিত্যনতুন খাবারের দোকানে বাসি-পচা খাবার খাওয়ানো হচ্ছে।

ফ্রিজে রাখা বাসি মাংস-খাবার! শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার রেস্তরাঁ, মিষ্টির দোকানে অভিযান খাদ্যসুরক্ষা দপ্তরের
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের বারবার অভিযান চলার পরেও কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। একাধিক এলাকায় গজিয়ে ওঠা নিত্যনতুন খাবারের দোকানে বাসি-পচা খাবার খাওয়ানো হচ্ছে। এই অভিযোগ সামনে আসতেই ফের শহরের দেশবন্ধুপাড়া এলাকায় অভিযানে নামল খাদ্যসুরক্ষা দপ্তরের বিশেষ দল। শনিবার এনটিএস মোড় ও দেশবন্ধুপাড়ার একটি রেস্তরাঁ ও একটি মিষ্টির দোকানে তাঁরা অভিযান করেন। রেস্তরাঁর ভেতরে ঢুকে খাদ্য পরিবেশনের জন্য অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখতে পান আধিকারিকরা। ফ্রিজের ভিতরে বাসি মাংস ও বেশ কয়েকদিনের পুরনো খাদ্যসামগ্রী ও মশলা দেখতে পান তাঁরা। মালিকপক্ষকে ডেকে ওই রেস্তোরাঁর ফুড লাইসেন্স সহ বাকি সকল অনুমোদন খতিয়ে দেখেন তাঁরা। তবে বাসি খাবার যাতে কোনোভাবেই পরিবেশন না করা হয় সেই বিষয়ে কড়া সতর্কবার্তা দেন। 

Advertisement

এই রেস্তরাঁ থেকে বের হয়ে দেশবন্ধুপাড়ার একটি বিখ্যাত মিষ্টির দোকানের অন্দরমহলে ঢুকে পড়েন আধিকারিকরা। সেখানে মিষ্টি তৈরির সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখা হয়। মিষ্টি বানানোর সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হয় কি না তা খতিয়ে দেখেন আধিকারিকেরা। দোকানে থাকা নানান সামগ্রীর মান খতিয়ে দেখা হয়। এখানে অপরিচ্ছন্ন পরিবেশ সামনে আসে। মিষ্টির কারখানার অস্বাস্থ্যকর পরিবেশও আধিকারিকদের নজরে পড়ে। কোনোভাবেই সরকারি নিয়ম অমান্য করে গ্রাহকদের যাতে পুরনো বা বাসি মিষ্টি না খাওয়ান হয় সে বিষয়ে সতর্ক করেন আধিকারিকরা। 
শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, পুরসভা, পুলিশ ও খাদ্যসুরক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে এই বিশেষ দল শহরের খাবারের দোকানের মান লাগাতার যাচাই করছে। যারা নিয়ম অমান্য করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পর্কিত সংবাদ