আজও মিলবে রেশনের পুজো প্যাকেজের খাদ্য
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশনে পুজো প্যাকেজের বিশেষ খাদ্যসামগ্রী আজ সোমবার দেওয়া যাবে। রেশন দোকানগুলিতে সোমবার সাপ্তাহিক ছুটি থাকে। তাছাড়া মাসের শেষদিন ও প্রথমদিন রেশন গ্রাহকদের খাদ্যসামগ্রী দেওয়া হয় না। তথ্যপ্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কাজের জন্য দিনটি সংরক্ষিত ধরা হয়। আজ সোমবার ৩০ নভেম্বর, মাসের শেষদিন হলেও মূলত পুজো প্যাকেজের খাদ্য দেওয়ার জন্য রেশন দোকানগুলির ই-পস মেশিন অনলাইন ব্যবস্থা চালু রাখবে খাদ্যদপ্তর। খাদ্যদপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত পুজো প্যাকেজ বণ্টনের সময়সীমা রয়েছে। এজন্য বাধ্যতামূলকভাবে দোকান খুলে রাখার কোনো নির্দেশিকা অবশ্য জারি করা হয়নি। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, কোনো ডিলার চাইলে আজ পুজো প্যাকেজ ও সাধারণ বরাদ্দের চাল-গম  গ্রাহকদের দিতে পারবেন। এই বিষয়টি সংগঠনের তরফে ডিলারদের জানানো হয়েছে। পুজো প্যাকেজে সস্তায় চিনি, ময়দা ও সুজি বিক্রয় শুরু হয় ১৫ অক্টোবর। কিন্তু প্যাকেজের বেশকিছু পরিমাণ খাদ্য ডিলারদের কাছে এখনো পড়ে রয়েছে। যেহেতু এগুলির জন্য অগ্রিম টাকা জমা দিতে হয়েছে ডিলারদের, তাই অবিক্রীত সামগ্রী নিয়ে কী করা হবে, সেই ব্যাপারে অনিশ্চয়তা ছিল। উল্লেখ্য, দীর্ঘসময় পড়ে থেকে জিনিসগুলির গুণগত মানও নষ্ট হচ্ছে।

Advertisement