Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রবি মরশুমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ধান কিনছে খাদ্যদপ্তর

রবি মরশুমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ধান কিনছে খাদ্যদপ্তর
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় রবি মরশুমের বোরো ধান কেনার কাজ শুরু করল জেলা খাদ্যদপ্তর। রবি মরশুমে ৫ হাজার মেট্রিক টন ধান কেনার টার্গেট নিয়েছে দপ্তর। সেই মতো সোমবার থেকে জেলায় ধান কেনার কাজ শুরু হয়েছিল। মঙ্গলবার থেকে জেলার ১৮টি সেন্টার থেকে ওই ধান কেনা শুরু করল খাদ্যদপ্তর। ইতিমধ্যেই খরিফ মরশুমে ধান কেনার টার্গেট পূরণ হয়েছে। ১লক্ষ ৫২হাজার মেট্রিক টন টার্গেটের মধ্যে এপ্রিল পর্যন্ত ১লক্ষ ৫১হাজারের বেশি ধান কেনা হয়েছে। এবারে বাড়তি ৫ হাজার মেট্রিক টন বোরো ধান কিনছে  খাদ্যদপ্তর। 

Advertisement

এই ব্যাপারে জেলা খাদ্যদপ্তরের খাদ্য নিয়ামক ফুরবা ভুটিয়া বলেন, রবি  মরশুমের জন্য ধান কেনার কাজ শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই দেড় লক্ষ মেট্রিক টনের বেশি ধান কিনেছি। আমাদের বাড়তি আরও পাঁচ হাজার মেট্রিক টন ধান কেনার টার্গেট রয়েছে। সেই কাজ শুরু হয়েছে। যারা ধান বিক্রি করতে চান, তাঁরা রেজিস্ট্রেশন করে সংশ্লিষ্ট কিষাণ মান্ডিগুলিতে এসে ধান বিক্রি করবেন। 
খাদ্যদপ্তর সূত্রে খবর, ধান বিক্রির জন্য কৃষকদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সংশ্লিষ্ট জায়গায় ধান বিক্রির জন্য আবেদন করতে পারবেন তাঁরা। নির্দিষ্ট তারিখ বুক করে এসএমএসের মাধ্যমে অনুমোদন মিলবে কৃষকদের। এসব হয়ে গেলে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করতে পারবেন তাঁরা। রবি মরশুমে কৃষকদের এক কুইন্টাল ধানের জন্য ২৩০০ টাকা দেওয়া হচ্ছে। সঙ্গে ২০ টাকা উৎসাহ ভাতাও দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই জেলার ১৮টি কেন্দ্রে এই ধান কেনার কার্ড একসঙ্গে শুরু করে দিয়েছে খাদ্যদপ্তর। কোথাও যাতে কৃষকদের ধান বিক্রি করতে সমস্যা না হয়, তার জন্য আধিকারিকদের কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বালুরঘাটের এক কৃষক আনন্দ সরকার বলেন, মাঠে ধান কয়েক দিন আগেই উঠে গিয়েছে। ধান বিক্রি করব বলেও পারছিলাম না। আজ কিষাণ মান্ডিতে এসে ধান বিক্রি করে বাড়ি ফিরছে।   
দপ্তর সূত্রে খবর, রবি মরশুমে বোরো ধান কেনা হয়। তবে এই জেলায় বোরো ধানের চাষ খানিকটা কম থাকায়, টার্গেটও কম রয়েছে। এদিকে গত বছরের অক্টোবর থেকে খরিফ মরশুমের ধান কেনা শুরু হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ১ লক্ষ ৫১ হাজার মেট্রিক টন ধান কেনার টার্গেট পূরণ করেছে খাদ্যদপ্তর। ফলে খাদ্যদপ্তরের ধান কেনার টার্গেট পূরণ হয়ে গিয়েছে। তবে বাড়তি আরও ৫ হাজার মেট্রিক টন ধান কেনার ব্যাপারে তোড়জোড় শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ