সংবাদদাতা, ময়নাগুড়ি: ‘বর্তমান’ এর খবরের জেরে নড়েচড়ে বসল ময়নাগুড়ি পুরসভা। ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডে তৈরি হওয়া অলিখিত ডাম্পিং গ্রাউন্ডের বর্জ্য সরানো হল বৃহস্পতিবার। স্থানীয় বাসিন্দারা চাইছেন, পরিষ্কার করার পাশাপাশি প্রতিনিয়ত যেন ওই স্থানে নজরদারি চালায় পুরসভা। ব্যবসায়ী সমিতি জানিয়েছে, পুরসভাকে বাজারের ব্যবসায়ীদের বর্জ্য ফেলার জন্য একটি স্থান চিহ্নিত করে দেওয়া উচিত।
ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডে ( শহিদ গড় স্কুল পাড়া) প্রবেশের রাস্তার গা ঘেঁষে তৈরি হয়েছিল অলিখিত ডাম্পিং গ্রাউন্ড। শুধু তাই নয় এখানে দিনের আলোয় শৌচকর্ম পর্যন্ত করত অনেকে। বর্জ্যের স্তূপের কারণে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হতো স্থানীয় বাসিন্দাদের থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের। যে রাস্তার পাশে ডাম্পিং গ্রাউন্ড গড়ে উঠেছিল তার এক পাশে রয়েছে কৃষক বাজার। অপর পাশে রয়েছে কর্মতীর্থ ভবন। দুর্গন্ধের কারণে শুধু ব্যবসায়ী নয় ক্রেতাদেরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে পুরসভার পক্ষ থেকে চলে জেসিবি দিয়ে সাফাই অভিযান। সরানো হয় বর্জ্যের স্তূপ।
এলাকার বাসিন্দা সুরজিৎ সাহা বলেন, আমরা এলাকার বাসিন্দারা প্রত্যেকে খুশি। তবে পরিষ্কার করার পাশাপাশি কিন্তু নজরদারিও চালাতে হবে পুরসভাকে। কেউ যেন আর বর্জ্য না ফেলে সেটা দেখতে হবে। নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন, সমস্যা হল ময়নাগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড নেই। স্বাভাবিকভাবেই বাজারের বর্জ্য ফেলা নিয়ে একটা সমস্যা রয়েছে। আমরা দেখি পুরসভা বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট একটি স্থান দেখিয়ে দিক। পাশাপাশি আমরা প্রত্যেক ব্যবসায়ীকে বলে দেব তাঁরা যেন যত্রতত্র বর্জ্য না ফেলেন।
পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, আমাদের পরিকাঠামো সেভাবে তৈরি হয়নি। সেকারণে প্রত্যেককে সচেতন থাকতে হবে। বর্জ্য সরানো হল। সেখানে যেন কেউ আর বর্জ্য না ফেলে, সেটা নিজে থেকেই সচেতন হতে হবে। নিজস্ব চিত্র।