Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শুরু হবে ফ্লাইওভারের কাজ, নির্দিষ্ট জমি থেকে ভাঙা হল শ’ তিনেক দোকান

জঙ্গিপুরের উমরপুরে শুরু হতে চলেছে ফ্লাইওভারের কাজ। মঙ্গলবার সকালে উমরপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

শুরু হবে ফ্লাইওভারের কাজ, নির্দিষ্ট জমি থেকে ভাঙা হল শ’ তিনেক দোকান
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুরের উমরপুরে শুরু হতে চলেছে ফ্লাইওভারের কাজ। মঙ্গলবার সকালে উমরপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। এদিন প্রায় তিন শতাধিক দোকান ভেঙে দেওয়া হয়। মাস খানেক আগেই এলাকায় ফ্লাইওভারে জন্য জমি চিহ্নিতকরণ করা হয়েছিল। কাজ করতে যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য জমি চিহ্নিত করে দখলকারীদের সরে যেতে বলা হয়। পুজোর আগেই কাজ শুরু হবে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। ফ্লাইওভারটি তৈরি হলে এলাকাবাসীর যাতায়াত আরও সহজ হবে। এনএইচএআই-এর আধিকারিক পি গাদেকর বলেন, জমি দখলকারীদের আগেই নোটিস দেওয়া হয়েছিল। জমি চিহ্নিতকরণ হয়েছে। এই জমির উপর সমস্ত নির্মাণ ভেঙে দেওয়ার কাজ চলছে। আগামী আগস্ট মাসে কাজ শুরু হবে। জানা গিয়েছে, এদিন সকাল থেকেই উমরপুরে উচ্ছেদ অভিযান শুরু হয়। উমরপুর ট্রাফিক মোড় সংলগ্ন আশপাশের অন্তত পাঁচ শতাধিক ছোটবড় দোকানপাট রয়েছে। সেগুলোর মধ্যে অধিকাংশই খাবারের দোকান। যদিও বেশ কয়েকটি কাঁচাপাকা বসত বাড়িও রয়েছে। এদিন ট্রাফিক মোড় এলাকায় অন্তত তিন শতাধিক দোকান ভেঙে দেওয়া হয়। গোটা উমরপুর ট্রাফিক মোড় কার্যত দখলমুক্ত করা হয়েছে। আরও কিছু দোকান ও প্রতিষ্ঠান জাতীয় সড়কের জমি দখল করে রয়েছে। আগামীদিনে সেগুলোও ভাঙা হবে। যদিও কিছু মানুষ নিজেরাই দোকান ভেঙে নিচ্ছে। ট্রাফিক মোড় থেকে উত্তর ও দক্ষিণ দিক বরাবর দুই কিমি দীর্ঘ এই ফ্লাইওভার গড়ে উঠবে। ফলে কাজের সুবিধার্থে প্রায় দুই কিমি এলাকাই দখলমুক্ত করা হবে। এক চায়ের দোকানের মালিক মাসুদ শেখ বলেন, আমার চায়ের দোকান ছিল। ছেলেরাই দোকান চালাত, ওরা ভেঙে দিল। বাবুদের অনুরোধ করলাম, আমরাই ভেঙে নেব, কিন্তু তারা কোন কথাই শুনল না। আমরা গরিব মানুষ, কোথায় যাব। প্রসঙ্গত, উমরপুরের উপর দিয়ে উত্তর দক্ষিণ বরাবর চলে গিয়েছে জাতীয় সড়ক। অপরদিকে, জাতীয় সড়কের উপর দিয়ে পূর্ব পশ্চিম বরাবর চলে গিয়েছে রঘুনাথগঞ্জ বীরভূম রাজ্য সড়ক। ফলে উমরপুরে চার দিকে থেকে যানবাহন এসে ভিড় করে। তাতে যানজট হয়। ফ্লাইওভার তৈরি হলে যানজটের সমস্যা মিটে যাবে বলে অনেকের মত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ