সংবাদদাতা, নবদ্বীপ: একদিকে টানা বৃষ্টি অন্যদিকে গুরুপূর্ণিমা তিথি, দুইয়ের জেরে বাজারে সব্জি, ফুল ও ফলের দামে ছ্যাঁকা লাগছে। কিন্তু বাজারের সেরা জিনিসটাই নিজেদের ইষ্টদেবতাও গুরুদেবকে নিবেদন করতে নাছোড় ক্রেতারা। তাই বুধবার দিনভর বাড়তি দাম গুনেই বাজার সেরে গুরুপুজোর আয়োজন চলল নবদ্বীপের বিভিন্ন মঠ-মন্দিরে। এই দিন বৈষ্ণবতীর্থ নবদ্বীপে গুরুপূর্ণিমা উপলক্ষ্যে ফল, ফুল ও মালার বাজার ছিল অগ্নিমূল্য।
আজ, বৃহস্পতিবার গুরুপূর্ণিমা। গতকাল থেকেই নবদ্বীপের বিভিন্ন মঠ, মন্দির ও গুরুবাড়িতে ভক্ত-শিষ্যরা দলে-দলে ভিড় করেছেন। এই পুণ্যভূমিতে দেড়শোর বেশি মঠ-মন্দির। কাজেই উৎসব ঘিরে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে নবদ্বীপে।
বুধবার বিকাল থেকেই ফল, ফুল, মালা ও মিষ্টির দোকানগুলিতে চোখে পড়ার মতো ভিড় ছিল। গুরুপূর্ণিমা উপলক্ষ্যে ফুলের দাম বাড়লেও ফল ও সব্জির দাম তেমন একটা বাড়েনি বলেই দাবি ব্যবসায়ীদের। নবদ্বীপের পোড়ামাতলা, ঢপওয়ালির মোড়, বাজার রোড, বউবাজার এলাকায় ফুল কিনতে ভিড় জমান স্থানীয়রা। পাশাপাশি মন্দির ও গুরুবাড়িগুলিতেও প্রসাদের আয়োজন করতে বেশি দামে সব্জি কিনতে হয়েছে। বাজারে মোচা, থোড় সহ বেশকিছু সব্জি প্রায় অমিল।
পোড়ামাতলার ফুল ব্যবসায়ী বাবন দে জানান, বর্ষার জন্য ফুলের বাজার অগ্নিমূল্য। গুরুপূর্ণিমার আগের দিন প্রতি পিস পদ্ম ১৫ টাকা, গোলাপ প্রতি পিস টাকা ১০ টাকা, জুঁই ফুলের মালা ৪০ টাকা, মোটা জুঁইয়ের মালা ১০০ টাকায় বিক্রি হয়েছে। বেল ফুলের মালা ১০-৩০ টাকা, রজনীগন্ধা বড় মালার দাম ১০০ থেকে ১৫০ টাকা, গাঁদার মালা প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা বিকিয়েছে।
এদিকে, বড়বাজারের ফল বিক্রেতা রাধাকান্ত রায় বলেন, আপেল প্রতি কেজি ২৫০ টাকা, নাসপাতি ১২০-১৫০ টাকা, ল্যাংড়া আম ৭০ টাকা, চৌসা আম ৮০ টাকা, লাল আঙুর ৪০০ টাকা, সাদা আঙুর ১৫০ টাকা, ডালিম ২০০ টাকা, বেদানা ২০০, আনারস ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৭০ টাকা কেজি, শসা ৫০ টাকা, পেয়ারা ৩০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হয়েছে।
নবদ্বীপের রাজার বাজারের সব্জি বিক্রেতা উৎপল সরকার বলেন, গুরুপূর্ণিমা উপলক্ষ্যে বুধবার বেগুন ১০০ টাকা, পটল ৩০, ঝিঙে ৫০, উচ্ছে ৬০, সজনে ডাঁটা ১০০-১২০ টাকা, চালকুমড়ো ৪০, কুমড়ো ২৫, লাউ ৩৫ টাকা, টম্যাটো ৫০ টাকা, কাঁচা আম ৮০ টাকা ও লঙ্কা ১০০-১২০টাকা কেজি বিক্রি হয়েছে।
গৌড়ীয় বৈষ্ণব সমাজের কার্যকরী সভাপতি সুদিন গোস্বামী বলেন, গুরুপূর্ণিমার দিন নবদ্বীপের প্রতিটি মন্দিরে প্রসাদের আয়োজন থাকে। খরচ বৃদ্ধি যাই হোক না কেন এর মধ্যেই আমাদের সব আয়োজন করতে হবে।