সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতির আরও কিছুটা অবনতি হয়েছে। আগামী তিন-চার দিন উদ্বেগজনক পরিস্থিতি থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে ঘাটালে একটি প্রশাসনিক বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ব্লকগুলির বিডিওরা, সেচ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে জেলাশাসক বলেন, ঘাটাল মহকুমার বেশ কয়েকটি গ্রামপঞ্চায়েত এবং পুরসভার ওয়ার্ড প্লাবিত রয়েছে। নদীগুলির জলও বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী কয়েকদিন অপেক্ষাকৃত উঁচু অঞ্চল থেকে জল এসে এই মহকুমায় পড়ার আশঙ্কা রয়েছে। তাই আগামী তিন-চার দিন সতর্ক থাকতে হবে।
বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে ঘাটাল মহকুমায় ২৪৫জন গর্ভবতী মহিলাকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। ১১৫জনকে সাপে কামড় দিয়েছে, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জলবন্দি মানুষদের উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। জেলাশাসক জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশাসন সমস্ত দিক দিয়ে তৈরি। যে সব এলাকায় রাস্তাঘাট ডুবে গিয়েছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে আপৎকালীন উদ্ধারের জন্য পর্যাপ্ত স্পিডবোট রয়েছে। রয়েছে এনডিআরএফও। প্লাবিত এলাকার মানুষদের চিকিৎসার জন্য মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। পানীয় জল সরবরাহ করা হয়েছে। নদী বাঁধগুলির অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য সেচ দপ্তর নিয়মিত টহলের ব্যবস্থা করছে। জেলাশাসক বারবার অনুরোধ করেছেন, কোনও মানুষ সমস্যায় পড়লেই যেন কন্ট্রোল রুমে জানানোর ব্যবস্থা করা হয়। প্রশাসন সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করবে।-নিজস্ব চিত্র