Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিম্নচাপের বৃষ্টির জেরে দু’দিনে ঘাটালে ফের প্লাবনের আশঙ্কা

ঘাটালে বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। রবিবার থেকে নদীগুলির জল সে অর্থে বাড়েনি। তবে সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে নদীগুলিতে জল কমারও সম্ভাবনা নেই।

নিম্নচাপের বৃষ্টির জেরে দু’দিনে ঘাটালে ফের প্লাবনের আশঙ্কা
  • ১৫ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: ঘাটালে বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। রবিবার থেকে নদীগুলির জল সে অর্থে বাড়েনি। তবে সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে নদীগুলিতে জল কমারও সম্ভাবনা নেই। কারণ, নিম্নচাপের জেরে বাঁকুড়া, পুরুলিয়া, গড়বেতায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। ফলে ওই জল আজ, মঙ্গলবার অথবা আগামিকালের মধ্যে ঘাটালে এসে পড়বে। তখন বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা থাকছে। এদিকে ঘাটাল মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নদীগুলির জল না বাড়লেও মহকুমায় ১২-১৩টি পঞ্চায়েত এবং ঘাটাল ও খড়ার পুরসভার ১৬টি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। রাস্তা ডুবে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় স্থানীয়দের চলাচলে নৌকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। জলবন্দি এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিরাপদে তুলে নিয়ে গিয়ে রান্না করা খাবার বিলি করা হচ্ছে। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোলরুম, উদ্ধারকারী টিম প্রস্তুত। পর্যাপ্ত ত্রাণেরও ব্যবস্থা রয়েছে। প্রশাসনের কাছে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হচ্ছে। মহকুমা শাসকও জানান, আজ ফের ঘাটাল শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ