সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমায় ফের নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এবার নিয়ে এবছর মোট ছ’বার বন্যা পরিস্থিতি তৈরি হল। চন্দ্রকোণা-১ ও ২ এবং ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেইসঙ্গে ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি এবং খড়ার পুরসভার কয়েকটি ওয়ার্ড নতুন করে প্লাবিত হয়েছে। রূপনারায়ণ, শিলাবতী ও ঝুমি নদীর জল বাড়ছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, সোমবার শিলাবতী ও কংসাবতী নদীর জলস্তর বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রূপনারায়ণ নদে বিপদসীমার উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে।
রবিবার রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘাটালে আসেন রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। তিনি মহকুমা শাসকের কার্যালয়ে সেচদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও মহকুমাস্তরের জনপ্রতিনিধি নিয়ে জরুরি বৈঠক করেন। তিনি এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার প্রতিটি এলাকায় সর্বক্ষণ নজর রাখছি। বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসন সবদিক দিয়ে তৈরি। আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী। তাই প্রশাসনের তরফে সাধারণ মানুষকে কোনওভাবেই সমস্যায় পড়তে দেওয়া হবে না। ২৪ঘণ্টা ধরে নদীবাঁধগুলি পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীবাঁধের কোথাও কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে আসেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি। তিনি ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেইসঙ্গে জলবন্দি এলাকার মানুষকে ত্রাণ বিতরণ করেন। সেচদপ্তর সূত্রে জানানো হয়েছে, বৃষ্টি থেমে যাওয়ায় আজ মঙ্গলবার কিংবা বুধবার থেকেই ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতির উন্নতি হবে।