সংবাদদাতা, কান্দি: ছোট গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন একই পরিবারে চারজন সহ গাড়ির চালক। জখমদের মধ্যে এক শিশুও রয়েছে। তাঁদের প্রত্যেককে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সাত সকালের এই ঘটনা কান্দি সালার রাজ্য সড়কের ভরতপুর থানার ডাঙাপাড়ার কাছে। এই ঘটনায় ওই রাজ্য সড়ক কিছুক্ষনের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে ভরতপুর থানার পুলিস পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিস ট্রাক সহ চালককে আটক করেছে।
জখমদের সূত্রে জানা গিয়েছে, ভরতপুর থানার গুনানন্দবাটি গ্রামের অভিরতন বাগদি নামে এক যুবক কর্মসূত্রে সৌদিতে ছিলেন। তিনি সেখান থেকে বাড়ি ফেরার জন্য শনিবার রাতে কলকাতা এয়ারর্পোটে নামেন। এরপর এদিন সকালে ওই গাড়িতে তাঁকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের লোকজন। গাড়িতে অভিরতন ছাড়াও তাঁর স্ত্রী, সন্তান ও এক আত্মীয় ছিলেন।
এরপর এদিন সকালে সাড়ে সাতটা নাগাদ ঘটনাস্থলের কাছে ট্রাক ও ছোট গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শী মিন্টু শেখ বলেন, দুর্ঘটনাস্থলের কাছে ছোট গাড়িটি হঠাৎ করে নিজের সাইড ছেড়ে ডানদিকে চলে যায়। সেইসময় কান্দির দিক থেকে ট্রাকটি ভরতপুরের দিকে আসছিল। কিছু বুঝে উঠার আগেই মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ছোট গাড়িটি দুমড়ে মুচরে গিয়েছে। গাড়ির দরজা ভেঙে জখমদের বের করা হয়।
পুলিস জানিয়েছে, এই দুর্ঘটনায় গাড়ির চালক কান্দির বাসিন্দা হোসেন শেখ মারাত্বকভাবে জখম হয়েছেন। তাঁকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে ঘটনার সময় ওই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিস জেসিবি দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।