নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অবশেষে লকডাউনের অভিশাপ ঘুচতে চলেছে। এবার বার্নপুর স্টেশনে পাঁচজোড়া গুরুত্বপূর্ণ ট্রেন স্টপেজ দেবে। এতে খুশি যাত্রীরা। বিশেষ করে দক্ষিণ ভারতের ট্রেনের স্টপেজ ফের চালু করার সিদ্ধান্তে রোগী ও আত্মীয়-পরিজনদের বিশেষ সুবিধা হবে। তেমনই পাটনা- পুরী এক্সপ্রেসও স্টপেজ দেবে। এতে জগন্নাথ ধাম যাওয়া আরও সহজ হবে বার্নপুরবাসীর। রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানাতেই কৃতিত্ব নিতে মরিয়া তৃণমূল-বিজেপি দুই শিবিরই। দু’পক্ষেরই দাবি, তারা সরব হওয়ার জেরেই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, পাটনা-এর্নাকুলাম এক্সপ্রেস ট্রেনটি সেপ্টেম্বর মাস থেকে এখানে স্টপেজ দেবে। আপ ও ডাউন দু’টি ট্রেনই বার্নপুরে থামবে। এতে উপকৃত হবেন দক্ষিণ ভারতে যাওয়া মানুষজন। এছাড়া পাটনা-পুরী যাওয়া ও আসার একজোড়া ট্রেনই ২সেপ্টেম্বর থেকে বার্নপুরে স্টেশনে দাঁড়াবে। আড়া-দুর্গ ট্রেনটি একাধিক রাজ্যকে যুক্ত করে। এবার সেটিও থামবে বার্নপুরে। নিউ তিনসুকিয়া-তাম্বারাম ট্রেনটি এতদিন বার্নপুরের উপর দিয়ে গেলেও থামত না। সেটিও স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে সিলঘাট টাউন তাম্বারাম ট্রেনও বার্নপুরে স্টপেজ দেবে। রেলের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। বার্নপুরের বাসিন্দা মিতালি ধর, প্রাণেশ রায় বলেন, ট্রেনগুলি বার্নপুরে ফের স্টপেজ দেওয়া শুরু করলে খুবই উপকার হবে।



