সঞ্জয় সরকার, কলকাতা: ভোররাত থেকেই ক্লাবের বাইরে লম্বা লাইন। বেলা গড়াতেই সাপের মতো একেবেঁকে তা বেড়েছে। সকলের মুখেই একটাই প্রশ্ন, ‘টিকিট হবে নাকি?’ ডার্বির ২৪ ঘণ্টা আগে টিকিটের হাহাকার গোটা ময়দানজুড়ে। তবে শুধু সমর্থকরা নয়, মোহন বাগানের জেসন কামিংসও রয়েছেন সেই দলে। শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে টিকিটের খোঁজ করতে দেখা গেল তাঁকে। সাম্প্রতিক অতীতে বড় ম্যাচে পালতোলা নৌকার রেকর্ড বেশ ভালো। তাই বিশেষজ্ঞদের মতে, রবিবার কিছুটা হলেও এগিয়ে গঙ্গাপাড়ের ক্লাব। উন্মাদনাও অনেকটাই বেশি সবুজ-মেরুনে। কোচ মোলিনা সেই জোয়ারে গা ভাসাতে নারাজ। যাবতীয় আবেগকে দূরে সরিয়ে জয়ের উপরই মনঃসংযোগ করছেন বাগান কোচ।
মাত্র ১৫ দিনের অনুশীলনে বড় ম্যাচ খেলতে নামছে মোহন বাগান। ফুটবলারদের মধ্যে ফিটনেসের ঘাটতি থাকাটা স্বাভাবিক। ডার্বির ২৪ ঘণ্টা আগে এই দুর্বলতা ঢাকাটাই প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে সবুজ-মেরুন স্প্যানিশ কোচের। তার উপর, চোটের কারণে মনবীর সিংকে ছাড়াই দল সাজাতে হবে মোলিনাকে। গত কয়েকদিন অনুশীলনে ফর্মেশনে নিয়ে চলেছে কাঁটাছেড়া। তিন না চার, ক’জন বিদেশিকে রেখে প্রথম একাদশ সাজাবেন বাগান কোচ, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। উইং প্লে দিয়েই গোলের রাস্তা খুলতে চান বাগান কোচ। শনিবারও প্রান্তিক আক্রমণে জোর দিলেন তিনি। পাশাপাশি প্রতিপক্ষের অতি-রক্ষণাত্মক ফুটবলের বেড়াজাল টপকাতে দুরপাল্লার শটেও শান দিলেন ম্যাকলারেন-আলবার্তোরা। আর সবশেষে চলল পেনাল্টি শ্যুট-আউটের মহড়া।
মাত্র তিন সপ্তাহ আগেই লিগের বড় ম্যাচে লড়াই করেও হেরে মাঠ ছেড়েছিল মোহন বাগান রিজার্ভ দল। রবিবার তাই কামিংস-দিমিত্রিদের কাছে লড়াইটা প্রতিশোধের। জুনিয়রদের হারের বদলা নিয়েই রবিবার যুবভারতী ছাড়তে চান মোহন বাগান সিনিয়র দলের ফুটবলাররা।