মাছ ও সবজি বিক্রেতাদের বিজেপি অফিসে ডেকে মাসোহারা আদায়! বিতর্ক
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বাজারের মাছ ও সবজি ব্যবসায়ীদের থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক কর্মীর বিরুদ্ধে। ওই বাজারটি প্রতিদিন সকালে বসে বারুইপুর টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে। অভিযোগ, ফুটপাতের উপরে বিজেপির একটি অফিস রয়েছে। ব্যবসায়ীদের সেই অফিসে ডেকে নির্দিষ্ট পরিমাণ মাসোহারা নেওয়া হচ্ছে। যাঁরা ওই টাকা দিতে পারবেন না, তাঁদের আর পসরা নিয়ে বসতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন ওই বিজেপি কর্মী। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন দোকানিরা। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম কৌশিক মান্না। বিষয়টিকে ভালো চোখে দেখেননি বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি নেতা তথা বারুইপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলার প্রীতম দাস ও দলের যাদবপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিশ্বজিৎ পাল। তাঁরা বলেন, কৌশিক ৪মে’র পরে বিজেপিতে যোগ দিয়েছেন। ভোটগণনার আগে তাঁর গোটা পরিবার তৃণমূল করত। কৌশিক নিজের উদ্যোগে ফুটপাতের উপর ওই পার্টি অফিস তৈরি করেছেন। ওই অফিস নিয়েও অভিযোগ রয়েছে। ব্যবসায়ীরা আমাদের মাসোহারার কথা জানিয়েছেন। এসব বরদাস্ত করা হবে না। বিষয়টি দলের জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। যদিও এই ব্যাপারে কৌশিক মান্না বলেন, ওটা বিজেপির মণ্ডল অফিস। মণ্ডলের নেতৃত্ব বিষয়টি জানে। ব্যবসায়ীদের থেকে কোনো মাসোহারা নেওয়া হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। কেউ যদি অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে বিজেপি ছেড়ে দেব।

Advertisement

বারুইপুর টেলিফোন এক্সচেঞ্জের পাশেই প্রতিদিন সকালে মাছ ও সবজি নিয়ে বসেন বিক্রেতারা। আর বিজেপির কার্যালয়টি দত্তপাড়া মোড়ে পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে। ওই অফিসটি ফুটপাত দখল করে বানানো হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতা প্রীতম দাস বলেন, আমি রোজই ওই বাজারে যাই। শোনা যাচ্ছে, সবজি বিক্রেতাদের থেকে মাসে ২০০ টাকা ও মাছ বিক্রেতাদের থেকে মাসে ৩০০ টাকা নেওয়া হচ্ছে। তাঁদের ওই পার্টি অফিসে ডেকে টাকার কথা বলা হয়েছে। তবে তাঁদের বিনিময়ে বিমা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন কৌশিক। বিজেপি নেতা বিশ্বজিৎ পাল বলেন, কয়েক মাস ধরেই বারুইপুরে তোলাবাজির ঘটনা হচ্ছে। যাঁরা এই কাজ করছেন, তাঁরা আগে কেউই বিজেপি করতেন না। ৪ মে’র পর বিজেপির কিছু কর্মী তাঁদের দলে নিয়ে এসেছেন। এই অংশের লোকজনই দলের বদনাম করছেন।