Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ প্রথম টি-২০, গিল-সূর্যদের অফ ফর্মই চাপে রেখেছে ভারতকে

তবে অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল। এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে। মিচেল মার্শরা খেলবেন ঘরের মাঠে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ প্রথম টি-২০, গিল-সূর্যদের অফ ফর্মই চাপে রেখেছে ভারতকে
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ক্যানবেরা: ওয়ান ডে সিরিজে হারের বদলা কি টি-২০’তে নিতে পারবে টিম ইন্ডিয়া? এই প্রশ্ন সামনে রেখেই বুধবার বিশের ফরম্যাটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সম্প্রতি এশিয়া কাপ জিতেছে ‘মেন ইন ব্লু’। পাকিস্তানকে হারাতে তেমন বেগ পেতে হয়নি গম্ভীরের ছেলেদের। তবে অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল। এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে। মিচেল মার্শরা খেলবেন ঘরের মাঠে। একদিনের সিরিজে জিতে এমনিতেই মনোবল বাড়িয়ে নিয়েছেন হ্যাজলউডরা। তবে টি-২০’তে ভারত দুরন্ত ফর্মে। র‌্যাঙ্কিংয়ের মগডালে। সিরিজে তাই ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষা।

Advertisement

একাধিক ভুলে ওয়ান ডে সিরিজে ভরাডুবি হয়েছিল ভারতের। টি-২০ সিরিজে সেই ভুলের পুনরাবৃত্তি চান না কোচ গৌতম গম্ভীর। বার বার তিনি ছেলেদের সতর্কও করেছেন। অবশ্য আক্রমণাত্মক ক্রিকেট থেকে সরে আসার কোনও সদিচ্ছা যে নেই, সেটাও স্পষ্ট করে দিয়েছেন গুরু গম্ভীর। তবে ক্যাপ্টেন সূর্যকুমারের অফ ফর্ম কিছুটা হলেও চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। শুভমান গিলও স্বস্তিতে নেই। একদিনের সিরিজে ডাহা ফেল। তিন ইনিংসে সর্বসাকুল্যে তাঁর ঝুলিতে ৭২। তা পুষিয়ে দেওয়ার চ্যালেঞ্জ টি-২০ সিরিজে। তবে অস্ট্রেলিয়ার বোলারদের চিন্তা বাড়িয়েছে অভিষেক শর্মার দুরন্ত ফর্ম। বাঁ হাতি ওপেনারটি শুরুতে ঝড় তুললে হ্যাজলউড, বার্টলেটদের কপালে দুঃখ রয়েছে। এশিয়া কাপে ছয় ইনিংসে ৫১.৫০ গড়ে করেছিলেন ৩০৯ রান। তার মধ্যে ছিল তিনটি অর্ধশতরানের ইনিংস। স্বভাবতই শুরুতে অভিষেককে ফেরানোর মরিয়া চেষ্টা চালাবে অস্ট্রেলিয়া। তবে গিল যদি স্বমহিমায় থাকেন, তাহলে অভিষেক অনেক খোলা মনে খেলতে পারবেন। সেক্ষেত্রে ওপেনিং জুটিতে বড় রান তোলা হবে অনেক সহজ।
আগামী বছর টি-২০ বিশ্বকাপ। সেটাকেই পাখির চোখ করে চূড়ান্ত কম্বিনেশন গড়ে তোলার উপর জোর দিয়েছেন কোচ গম্ভীর। তবে দেখে মনে হচ্ছে, বিশ্বকাপের আগে খুব বেশি বদল ঘটবে না। কারণ, মিডল অর্ডারে তিলক ভার্মা, সঞ্জু স্যামসনরা এশিয়া কাপে দলকে ভরসা জুগিয়েছেন। অলরাউন্ডার হিসেবে শিবম দুবের ভূমিকাও হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ। পেস বোলিংয়ে যথেষ্ট ছাপ ফেলেছেন। সেক্ষেত্রে স্পেশালিস্ট পেসার হিসেবে বুমরাহকে রেখে অতিরিক্ত স্পিনার খেলানোর সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। দুরন্ত ফর্মে আছেন অক্ষর প্যাটেল। তিনিও খেলবেন। সুযোগ পেতে পারেন রিঙ্কুও। তবে স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ ও বরুণ চক্রবর্তীই এগিয়ে।
অস্ট্রেলিয়া শেষ এগারোটি ম্যাচের মধ্যে হেরেছে মাত্র একটিতে। পণ্ড হয়েছিল একটি ম্যাচ। জয়ের সংখ্যা নয়। তাই মার্শরা কড়া টক্কর দেবে। ক্যাঙারু বাহিনীর ব্যাটিংয়ে বড় ভরসা ক্যাপ্টেন মার্শ, ট্রাভিস হেড। তাঁরাই করবেন ইনিংসের সূচনা। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত ম্যাথু শর্ট, টিম ডেভিড। অলরাউন্ডার মার্কাস স্টোইনিস, মিচেল ওয়েন মিডল অর্ডারের জোগাবেন ভরসা। প্রথম টি-২০’তে স্পিনার জাম্পার না থাকাটা ভারতের কাছে বাড়তি সুবিধা। তবে গতিতে গিলদের সমস্যায় ফেলতে পারেন হ্যাজলউড, বার্টলেট, এলিসরা।
 খেলা শুরু দুপুর ১-৪৫ মিনিটে। 
স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ