Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বিদ্রোহী রণক্লান্ত’, ফিরহাদের মুখে ইঙ্গিতপূর্ণ শব্দবন্ধ

‘বিদ্রোহী রণক্লান্ত, আমি সেইদিন হব শান্ত’! বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার এই লাইন ধার করেই যেন কলকাতার বর্তমান পুর-রাজনীতির অস্থিরতার মধ্যে এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

‘বিদ্রোহী রণক্লান্ত’, ফিরহাদের মুখে ইঙ্গিতপূর্ণ শব্দবন্ধ
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বিদ্রোহী রণক্লান্ত, আমি সেইদিন হব শান্ত’! বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার এই লাইন ধার করেই যেন কলকাতার বর্তমান পুর-রাজনীতির অস্থিরতার মধ্যে এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতা পুরসভায় আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়র এবং পুর কমিশনার স্মিতা পান্ডে। রাজ্যে পালাবদলের পর মেয়র-কমিশনার ‘দুরত্ব’, সাম্প্রতিক টানাপোড়েন, মেয়র পরিষদ বৈঠক ও মাসিক অধিবেশন বাতিল বিতর্ক এবং পারস্পরিক অভিযোগের আবহে দুজনকে একই মঞ্চে পাশাপাশি দেখা গেল প্রথমবার। তার মধ্যেই নজরুলের ‘রণক্লান্ত’ পঙ্‌ক্তি উচ্চারণ ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তাঁর দল পরাজিত হয়েছে। নানাদিক থেকে তৈরি হয়েছে জটিলতা। পুরক্ষমতা থেকেও মেয়রের ‘হাতের বাইরে’ চলে যাচ্ছে। এসবের স্বাভাবিকভাবেই ফিরহাদ ‘ক্লান্ত’!

Advertisement

ফিরহাদ বলেন, স্বাধীনতা আন্দোলনে নজরুলের বড়ো অবদান রয়েছে। ‘মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেইদিন হব শান্ত’—এই লাইন আজও আমাদের উদ্দীপনা দেয়। পরে এই ব্যাপারে মেয়রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এই লাইন কি তাঁকেও ব্যক্তিগতভাবে উজ্জীবিত করে? মেয়রের জবাব, ‘হ্যাঁ, সব সময়ই করে।’ তাঁর এই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাখ্যা-বিশ্লেষণ। বর্তমান সময়ে পুর প্রশাসনে সাম্প্রতিক ডামাডোলের মাঝেই ‘রণক্লান্ত’ শব্দবন্ধ যেন বিশেষ তাৎপর্য বহন করছে বলে মত ওয়াকিবহাল একাংশের।
এদিন কাউন্সিলার সুদীপ পোল্লের গ্রেপ্তারি, পুরসচিবকে হুমকির অভিযোগে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশের নোটিস কিংবা মেয়র পরিষদ বা মাসিক অধিবেশন বৈঠক বন্ধ থাকা নিয়ে প্রশ্ন উঠলে ফিরহাদ বলেন, ‘আমরা কেমন যেন একটা শূন্যতার মধ্যে আছি। দেখা যাক কী হয়!’

Advertisement
সম্পর্কিত সংবাদ