Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তপসিয়া ও বালিগঞ্জে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হোটেল-আবাসন, আতঙ্ক

রবিবার মধ্যরাতে বালিগঞ্জ থানার চক্রবেড়িয়ায় একটি হোটেলে অগ্নিকাণ্ড। দমকলের চারটি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

তপসিয়া ও বালিগঞ্জে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হোটেল-আবাসন, আতঙ্ক
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার মধ্যরাতে বালিগঞ্জ থানার চক্রবেড়িয়ায় একটি হোটেলে অগ্নিকাণ্ড। দমকলের চারটি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত হন মহম্মদ জালালউদ্দিন নামে এক দমকল কর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসকরা। এই ঘটনায় বড়বাজারের ঋতুরাজ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিলের আতঙ্কের স্মৃতি ফিরে আসে। অন্যদিকে সোমবার সকালে আগুন লাগে তপসিয়ার একটি আবাসনে। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

Advertisement

রবিবার রাত একটা নাগাদ চক্রবেড়িয়ার শরৎ বোস রোডের একটি চারতলা হোটেলের চারতলায় ৪০৩ নম্বর ঘরে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। হোটেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইরে বেরিয়ে আসেন লোকজন। নন্দলাল হালদার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মাঝ রাতে ছুটে সবাই রাস্তায় বেরিয়ে আসছিল। কয়েকদিন আগেই বড়বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছিল। এবার এই হোটেলে আগুন লাগল। স্বাভাবিকভাবেই সবাই আতঙ্কিত। কিন্তু দমকল আগুন ছড়াতে দেয়নি।’ জানা গিয়েছে, দমকল কর্মী জালালউদ্দিন ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর ছেড়ে দেয় হাসপাতাল।
অন্যদিকে সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে তপসিয়ার একটি ১১ তলা আবাসনের সাততলায়। বাসিন্দারা প্রাণভয়ে আবাসনের বাইরে বেরিয়ে আসেন। দমকলের ছ’টি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত 
হয়নি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ