নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: দমকল দপ্তরের নতুন আগুন নেভানোর গাড়ি সহ মোট ২২৬টি অত্যাধুনিক সরঞ্জামের বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হল। রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আড়াই হাজার লিটার জল বহন ক্ষমতার ১৯৮টি ও ৬ হাজার লিটার জল বহনের ক্ষমতার ২৫টি ফায়ার ইঞ্জিনের পাশাপাশি ৩টি ৩৬ মিটার উচ্চতার আর্টিকুলেটিং ফায়ার টাওয়ার দমকল বাহিনীতে যুক্ত হল। এই উপকরণগুলি রাজ্যের বিভিন্ন শহর, আধা শহর ও জনবসতি এলাকার দমকল কেন্দ্রগুলিতে পাঠানো হবে। এর জন্য খরচ হয়েছে ৯৪ কোটি টাকা। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে এখন নতুন ২৩ টি দমকল কেন্দ্র তৈরির কাজ চলছে। রাজ্য বাজেটে আরও ১০টি দমকল কেন্দ্র গড়ার ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী ভাষণে তারাপীঠ ও কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের কথা ওঠে আসে। দুটি জায়গাতে দমকল কর্মীদের কাজের প্রশংসা করে তাঁদের পুরস্কৃত করার কথা বলেন মুখ্যমন্ত্রী।



