মুচিবাজার সংলগ্ন বরফকলের বস্তিতে আগুন, পুড়ল ৪ ঘর
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগে মুচিবাজার অঞ্চলের বরফকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। যদিও খাল ধারের পাশে বেআইনিভাবে গাড়ির পার্কিং হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভানোর কাজ করতে খানিকটা সমস্যা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাতটা নাগাদ আগুন লাগে বরফকলের বস্তিতে। আগুন বিশেষ ছড়িয়ে না পড়লেও চারটি ঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ঘন্টাখানেকের মধ্যেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে কোনো প্রাণহানি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলার তথা বোরো চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত। তিনি বলেন, খাল ধারে যেভাবে গাড়ি পার্কিং হয় তাতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সত্যি বিপদ। দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হয়। চারটি পরিবার গৃহহীন হয়েছে। ওদের আপাতত স্থানীয় কমিউনিটি হলে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ওদের সব রকমের সহযোগিতা করা হবে।

Advertisement