নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগুনে পুড়ল শিয়ালদহের রেল কোচ রেস্তরাঁ। সোমবার, সকালে আচমকা আগুন লাগে সেখানে। সকালের ব্যস্ত সময়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায়। যদিও, আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে অনুমান, রান্না করার সময় ফ্রাইং প্যান থেকেই আগুন ছড়ায়। এদিন সকাল সোয়া ৯টা নাগাদ শিয়ালদহ রেলওয়ে স্টেশনের মূল ভবনের বাইরে অবস্থিত রেল কোচ রেস্তরাঁয় আগুন লাগে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুরক্ষার স্বার্থে ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে ফেলেন। মিনিটে পাঁচেকের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকল। সকাল ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পৌনে ১১টার মধ্যে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। রেস্তরাঁটি মূল স্টেশন ভবন থেকে দূরে অবস্থিত হওয়ায় যাত্রীদের যাতায়াত বা ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। ঘটনার সময় স্বাভাবিকভাবেই খানিকটা উত্তেজনা, আতঙ্ক ছড়ায় যাত্রী মহলে। শিয়ালদহ স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল বাহিনীর প্রয়োজনে স্টেশনের ওয়াটার হাইড্র্যান্ট ব্যবস্থা থেকে পাম্পগুলি ম্যানুয়ালি চালিয়ে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, অতিরিক্ত তাপমাত্রার কারণে ফ্রাইং প্যানে থাকা রান্নার তেলে আগুন ধরে গিয়েছিল। এরপর আগুনের শিখা ছাদের দিকে উঠে যায় এবং ডাক্ট ও ছাদের ইনসুলেশনে আগুন ছড়িয়ে পড়ে। রেস্তরাঁটি বদ্ধ হওয়ায় এর ভিতরে প্রচুর ধোঁয়া জমে গিয়েছিল। আপাতত রেস্তরাঁটির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে কোনো গাফিলতি প্রমাণিত হলে আইন অনুসারে রেল কর্তৃপক্ষ পদক্ষেপ করবে।



