নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: একই বহুতলে অসংখ্য অফিস এবং পানশালা ও রেস্তরাঁ রয়েছে। শুক্রবার বিকেলে আচমকা আগুন লাগে সল্টলেক সেক্টর ফাইভের ওই বহুতলে থাকা একটি বার কাম রেস্তরাঁয়। চারদিক ধোঁয়ায় ঢাকতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাণে বাঁচতে অফিস ও রেস্তরাঁর কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। নীচে নামতে গিয়ে লিফটে আটকে পড়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
আগুন ছড়িয়ে পড়া আটকাতে বহুতলের বিদ্যুৎবিছিন্ন করে দেওয়া হয়। তার ফলে আটকে যায় লিফট। ভিতরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। লিফট চালুর পর তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
সেক্টর ফাইভের বহুতলটিতে পোডিয়াম এরিয়ায় আছে বার কাম রেস্তরাঁটি। বিকেল ৪টে নাগাদ আগুন লাগে সেখানে। প্রথমে কর্মীরাই অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর মধ্যে স্টেশন অফিসার অভীক দাসের নেতৃত্বে সেক্টর ফাইভ ফায়ার স্টেশন থেকে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর পোডিয়াম এরিয়া সহ বহুতলটি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। সেখানে আইটি, রিয়েল এস্টেট, ব্যাক অফিস মিলিয়ে কয়েকশো বেসরকারি অফিস রয়েছে। কর্মী সংখ্যা কয়েক হাজার। জানা গিয়েছে, এর আগেও বহুতলটিতে আগুন লেগেছিল। নিজস্ব চিত্র