সানা, ৩ অক্টোবর: যুদ্ধক্ষেত্র ইয়েমেন। সশস্ত্র হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নেমেছে সেদেশের সেনাবাহিনী। এই অভিযানে সাহায্য করছে সৌদি আরব। ইয়েমেনের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। এদিকে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানিয়েছে যৌথ বাহিনী।
গত ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৪৭৪টি অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এসব অভিযানে বিদ্রোহী গোষ্ঠীর অন্তত এক হাজার ৫৪০ সদস্য খতম বা আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।
লোহিত সাগরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডে ইরানের মদতপুষ্ট হুথিদের নিয়ন্ত্রণ ক্রমেই বাড়ছে। যার ফলে এই পথ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল ধাক্কা খেয়েছে। পাশাপাশি সৌদি ভূখণ্ডেও হামলা চালিয়েছে তারা। টার্গেট করা হয় পবিত্র শহর মক্কা ও মদিনা। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সাহায্য চেয়েছিলেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমান। পাশে থাকার আশ্বাস দিয়েও শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর পরে বিদ্রোহীদের দমনে এই অঞ্চলের অন্য দেশগুলির সাহায্য চায় সৌদি সরকার।