Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শীঘ্রই চালু হতে চলেছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিট

পশ্চিমবঙ্গে এই প্রথম সাগরদিঘি পিডিসিএল  তাপবিদ্যুৎ কেন্দ্রে সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট চালু হতে যাচ্ছে।

শীঘ্রই চালু হতে চলেছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিট
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: পশ্চিমবঙ্গে এই প্রথম সাগরদিঘি পিডিসিএল  তাপবিদ্যুৎ কেন্দ্রে সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট চালু হতে যাচ্ছে। ইউনিটের শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে। সবকিছু ঠিকঠাক থাকলে তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিটটি সামনের আগস্ট মাসেই চালু হয়ে যাবে। বুধবার সকালে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান পঞ্চম ইউনিটের কাজ পরিদর্শন শেষে তেমনটাই জানান। এদিন পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন জেনারেল ম্যানেজার সহ কলকাতা বিদ্যুৎ পর্ষদের আধিকারিকরা। ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট চালু হলে বিদ্যুৎ উৎপাদনে গতি বাড়বে বলে কর্তৃপক্ষের দাবি।  রাজ্যর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, পঞ্চম ইউনিটের সমস্ত কাজ সম্পূর্ণ। ইউনিট চালুর আগে সবকিছু দেখে নেওয়ার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনওদিন এসে এই কর্মযজ্ঞের উদ্বোধন করতে পারেন। একসঙ্গে পাঁচটি ইউনিট চালু হলে দৈনিক ২২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।  তাপবিদ্যুৎ কেন্দ্রের এক আধিকারিক বলেন, বর্তমানে সাগরদিঘি  তাপবিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। রাজ্যে এই প্রথম ৬৬০ মেগাওয়াটের ইউনিট গড়ে উঠছে। আগস্ট মাসের মধ্যেই তা চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ইউনিটটি চালু হলে মুর্শিদাবাদ সহ আশপাশের আরও কয়েকটি জেলা উপকৃত হবে। বিদ্যুৎ বণ্টন সংস্থাকে উৎপাদিত বিদ্যুৎ দেওয়া হবে। উৎপাদিত বিদ্যুৎ ডব্লুবিএসইডিসিএল বিভিন্ন গ্রিডকে বিক্রি করবে। বাংলার সর্ববৃহৎ তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে চলেছে মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র। এই নতুন ইউনিটে দূষণ নিয়ন্ত্রণ করতে একটি বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে।  দূষণ নিয়ন্ত্রণের পরিকাঠামোর জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকা করচ হয়েছে। সবমিলিয়ে, সাগরদিঘিতে নতুন করে প্রায় ৪৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ