Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছটপুজোয় উৎসবের আবহ, ঘাটে ঘাটে কড়া নজরদারিও

সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হুগলি ও হাওড়ার বিভিন্ন নদীর ঘাটে ছট পুজো হয়। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় হুগলির ছটপুজোর।

ছটপুজোয় উৎসবের আবহ, ঘাটে ঘাটে কড়া নজরদারিও
  • ২৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হুগলি ও হাওড়ার বিভিন্ন নদীর ঘাটে ছট পুজো হয়। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় হুগলির ছটপুজোর। চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাট, রিষড়া ফেরিঘাট, শ্রীরামপুর রায়ঘাট, ভদ্রেশ্বরের শিবতলাঘাট সহ একাধিক জায়গায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন ছটপুজো উপলক্ষ্যে হুগলির গুপ্তিপাড়া ঘাটে বিশেষ গঙ্গাআরতির আয়োজনও ছিল।

Advertisement

এছাড়া হাওড়ার বিভিন্ন প্রান্ত সহ উলুবেড়িয়া, বাউড়িয়াতেও বহু পুণ্যার্থী ছটপুজোয় অংশ নেন। এদিন বিকেল থেকেই পুণ্যার্থীরা দলে দলে ভিড় জমাতে থাকেন উলুবেড়িয়া কালীবাড়ি ঘাটে এবং বাউড়িয়া লঞ্চ ঘাটে। এদিন ছটপুজো উপলক্ষে নদীর প্রতিটি ঘাটে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। পাশাপাশি স্পিড বোটের মাধ্যমে নদীতেও নজরদারি চালানো হয়। কোনওরকম দুর্ঘটনা এড়াতে এদিন প্রতিটি ঘাটে জলের একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। এছাড়াও প্রতিটি ঘাটে পর্যাপ্ত পরিমাণ আলো, পানীয় জলের ব্যবস্থা করা হয়। নদীদূষণ আটকাতে পুরসভার পক্ষ থেকে মাইকিং করে পুণ্যার্থীদের সচেতনও করা হয়।
অন্যদিকে, এদিন বিকেলে ছট পুজো দিতে আসা পুণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে বাউড়িয়ায় যান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস প্রমুখ। ছটপুজো উপলক্ষ্যে উলুবেড়িয়া, বাউড়িয়ার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।  

সম্পর্কিত সংবাদ