Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে বিদ্যানগর বাজারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নয়া দারুমূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে মহোৎসব

বুধবার জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষ্যে ধর্মীয় আচার মেনে দিনভর অভিষেক পর্ব থেকে স্নান পর্ব ও নাম গান, পুজো পাঠ ভোগরাগ চলে।

নাদনঘাটে বিদ্যানগর বাজারে জগন্নাথ, বলরাম ও  সুভদ্রার নয়া দারুমূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে মহোৎসব
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: চার দশকের বেশি সময় ধরে নাদনঘাট থানার বিদ্যানগর বাজার এলাকায় প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্রার নতুন দারুমূর্তির প্রতিষ্ঠা মহোৎসব অনুষ্ঠিত হল। বুধবার জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষ্যে ধর্মীয় আচার মেনে দিনভর অভিষেক পর্ব থেকে স্নান পর্ব ও নাম গান, পুজো পাঠ ভোগরাগ চলে। বহু ধর্মপ্রাণ মানুষ এই নবমূর্তি প্রতিষ্ঠার পুজোতে অংশ নেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দশক আগে নাদনঘাট থানার বড় কোবলা গ্রামের বাসিন্দা ক্ষেপা গোঁসাই নামে এক ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তাঁর আরাধ্যা দেব জগন্নাথ। তিনি স্থানীয় বিদ্যানগর বাজার এলাকায় একটি টিনের চালাঘরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্তি স্থাপন করে পূজার্চনা শুরু করেন। পুজো পাঠের সঙ্গে ছিল রথযাত্রা। এলাকার সহৃদয় ধর্মপরায়ণ ব্যক্তিদের উদ্যোগে পরবর্তীতে রথের সংস্কার হয়। কাঠের ২০ ফুটের নতুন রথ এলাকার প্রথম রথ বলে বাসিন্দাদের দাবি। কয়েক বছরের মধ্যে বিদ্যানগর বাজার কমিটির উদ্যোগে টিনের চালাঘরের বিলুপ্তি ঘটিয়ে গড়ে ওঠে স্থায়ী কংক্রিটের জগন্নাথ মন্দির। প্রায় তিন দশকের বেশী সময় ধরে হয়ে আসছে রথ টানার ধারাবাহিক উৎসব। এরই মধ্যে নিম কাঠের পুরানো বিগ্রহ প্রাচীন হয়ে যাওয়ায় নবরুপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্তি তৈরির উদ্যোগে এগিয়ে আসেন বাজার কমিটি ও এলাকার বাসিন্দারা। তাঁদের উদ্যোগে তৈরি হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নিমকাঠের নতুন দারুমূর্তি। বুধবার জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে নতুন নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার নবরূপে অভিষেক হয়। সেজে ওঠে মন্দির প্রাঙ্গন। সমাধিস্থ করা হয় পুরানো মূর্তি। দিবা-রাত্র চলে পুজো পাঠ, নাম গান ও ভোগ বিতরণ। সমগ্র ধর্মীয় অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন নবদ্বীপ জল মন্দিরের ভক্তি সুন্দর বৈষ্ণব মহারাজ। 

Advertisement

স্থানীয় বাসিন্দা জিডি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস বলেন, প্রায় চার দশক পূর্বে ক্ষেপা গোঁসাই বাজার এলাকায় জগন্নাথ মন্দিরের জগন্নাথ বলরাম ও সুভদ্রার দারুমূর্তিটি প্রতিষ্ঠা করেন। প্রাচীনত্বের কারণে পুরানো মূর্তি পরিবর্তন ঘটিয়ে নতুন রূপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এগিয়ে আসেন বাজার কমিটির প্রবীন ধর্মরাজ ভৌমিক, মহিম কুন্ডু, শ্যামল মণ্ডল, কার্তিক রায় সহ অন্যান্য সদস্য ও এলাকার বাসিন্দারা। সেই মতো স্নানযাত্রার পুণ্যলগ্নে বুধবার ধর্মীয় আচার মেনে নতুনভাবে নিম কাঠের দারুমূর্তির প্রতিষ্ঠা পর্ব অনুষ্ঠিত হয়। মন্দির তৈরি থেকে অন্যান্য অনুষ্ঠান সবেতেই উৎসাহ দানে আমরা পাশে পেয়েছি এলাকার বাসিন্দা তথা মন্ত্রী স্বপন দেবনাথকে। এরজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ