নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানগরীর বৃহত্তর অংশ জুড়ে আজ সোমবার থেকে সরকারি-বেসরকারি বাস পরিষেবা কমার আশঙ্কা রয়েছে। কারণ, গণপরিবহণের সঙ্গে যুক্ত বাস-মিনিবাসের একটি বড় অংশই এদিন থেকে গঙ্গাসাগর মেলার কাজে ব্যস্ত হয়ে পড়বে। কয়েক হাজার বাস উঠে যাওয়ায় দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার রাস্তায় যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় নিত্যযাত্রীদের দুর্ভোগ কমাতে তৎপর পরিবহণ দপ্তর। সরকারি বাসের ঘাটতি মেটাতে অগ্রাধিকারের ভিত্তিতে ডিপোয় পড়ে থাকা বহু বাস প্রাথমিক মেরামতির পর রাস্তায় নামানো হয়েছে। বেসরকারি বাস মালিকদের একইভাবে বসে যাওয়া গাড়ি চালাতে অনুরোধ করা হয়েছে। বিকল্প এই উদ্যোগ সফল হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা।



