Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহিলা লিগেও ছন্দে ফাজিলা, দ্বিতীয় জয় ইস্ট বেঙ্গলের

টানা খেলার ধকল ও ক্লান্তিই ভাবাচ্ছে ইস্ট বেঙ্গল মহিলা দলকে। টিম ম্যানেজমেন্টের আশঙ্কা মোটেও অমূলক নয়।

মহিলা লিগেও ছন্দে ফাজিলা, দ্বিতীয় জয় ইস্ট বেঙ্গলের
  • ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা খেলার ধকল ও ক্লান্তিই ভাবাচ্ছে ইস্ট বেঙ্গল মহিলা দলকে। টিম ম্যানেজমেন্টের আশঙ্কা মোটেও অমূলক নয়। শনিবার ইন্ডিয়ান উওমেন্স লিগে গাড়োয়াল ইউনাইটেডকে ২-১ ব্যবধানে বশ মানায় লাল-হলুদ ব্রিগেড। টানা দ্বিতীয় ম্যাচ জিতলেও চেনা ছন্দে পাওয়া যায়নি সুলঞ্জনাদের। বরং সময় গড়ানোর সঙ্গেই খেলা থেকে হারিয়ে গেল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। দ্বিতীয়ার্ধে একটা সময় বেশ চাপ তৈরি করে গাড়োয়াল। তবে রক্ষণ সতর্ক থাকায় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৩০ ডিসেম্বর সেসা গোয়ার বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল।

Advertisement


এদিন কল্যাণীতে প্রথমার্ধে দাপট ছিল ফাজিলাদেরই। উগান্ডার স্ট্রাইকার হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও জাল কাঁপাতে ব্যর্থ স্যাফ ক্লাব কাপের টপ স্কোরার। এরই মধ্যে ২২ মিনিটে সুলঞ্জনা রাউলের গোলে এগিয়ে যায় মশাল গার্লস। এক্ষেত্রে সৌম্যা গুগুলথের ভাসানো বল প্লেস করে দেন সুলঞ্জনা (১-০)। লক্ষ্যভেদের সুযোগ তাঁর সামনেও ছিল। একটি ক্ষেত্রে বাঁ পায়ের শট রুখে দেন গাড়োয়াল গোলকিপার। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য ঝাঁপায় গাড়োয়াল ইউনাইটেড। ইস্ট বেঙ্গল মাঝমাঠে সিল্কি, রেস্টিরা মিসপাসের জালে জড়াতেই চাপ বাড়ে রক্ষণে। তবে ৬৩ মিনিটে ব্যবধান বাড়ান সেই ফাজিলা। স্যাফ কাপের দুরন্ত ফর্ম বজায় রাখলেন তিনি। কর্নার থেকে ছিটকে আসা বল পেয়ে কালবিলম্ব না করে কোনাকুনি ভলিতে জাল কাঁপান তিনি (২-০)। শেষদিকে গাড়োয়ালের হয়ে একটি গোল শোধ করেন মনীষা সিং (২-১)। ইস্ট বেঙ্গল গোলরক্ষক পান্থোই দায় এড়াতে পারেন না।

ইস্ট বেঙ্গল- ২      :      গাড়োয়াল- ১

Advertisement
সম্পর্কিত সংবাদ