Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ফৌজা সিংয়ের ‘ঘাতক’ গাড়ির চালক এনআরআই যুবক, ধৃত

আটচল্লিশ ঘণ্টাও কাটল না। বিশ্বের প্রবীণতম ‘ম্যারাথনার’ ফৌজা সিংকে গাড়িতে পিষে দেওয়ার অভিযোগে অনাবাসী এক যুবককে বুধবার গ্রেপ্তার করল জলন্ধর পুলিস।

ফৌজা সিংয়ের ‘ঘাতক’ গাড়ির চালক এনআরআই যুবক, ধৃত
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আটচল্লিশ ঘণ্টাও কাটল না। বিশ্বের প্রবীণতম ‘ম্যারাথনার’ ফৌজা সিংকে গাড়িতে পিষে দেওয়ার অভিযোগে অনাবাসী এক যুবককে বুধবার গ্রেপ্তার করল জলন্ধর পুলিস। ধৃতের নাম অমৃতপাল সিং ধিলোঁ। ২৬ বছর বয়সি ওই এনআরআইকে জলন্ধরের কর্তারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানেই বাড়ি অমৃতপালের। পুলিস জানিয়েছে, ট্যুরিস্ট ভিসা নিয়ে তিনি কানাডায় গিয়েছিলেন। পরে কাজের সুবাদে সেখানে ওয়ার্ক পারমিট পান। ২০২৭ পর্যন্ত সেই পারমিটের মেয়াদ রয়েছে। গত মাসে নিজের গ্রামে ফিরে আসেন অমৃতপাল। তারপরই কর্তারপুরের এক ব্যক্তির থেকে তিনি গাড়িটি কিনেছিলেন। 

Advertisement

সোমবার ম্যারাথনে অংশগ্রহণকারী ১১৪ বছর বয়সি দৌড়বিদ ফৌজা সিংয়ের মৃত্যু হয়েছে। জলন্ধরে নিজের গ্রাম বিয়াস পিন্ডে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মারাত্মক জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারপরই ‘টার্বানড টর্নেডো’ ফৌজার ঘাতকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে সোমবারই শনাক্ত করা হয়। নম্বরপ্লেট থেকে জানা যায়, সেটির মালিক কর্তারপুরের বীরেন্দর সিং। বীরেন্দরকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, গাড়িটি তিনি অমৃতপালকে বিক্রি করে দিয়েছেন। এরপরই বুধবার কর্তারপুরে গ্রামের বাড়ি থেকে ওই এনআরআই যুবককে গ্রেপ্তার করে পুলিস। জেরায় অমৃতপাল অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিসের দাবি। ধৃত আরও জানিয়েছে, নিজের মোবাইলটি বিক্রি করে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি এক ব্যক্তিকে ধাক্কা মারে। তবে তিনি যে কিংবদন্তী দৌড়বিদ ফৌজা, তা জানতেন না। টিভির খবর দেখেই বিষয়টি জানতে পারেন। জলন্ধর রুরালের এসএসপি হরবিন্দর সিং বিরক বলেন, ‘ঘটনার কথা জানতে পেরেই আমরা তদন্তের জন্য টিম গঠন করি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সেসময় ওই স্থান দিয়ে যাওয়া ৩৫টি গাড়িকে চিহ্নিত করি। এরপর ঘাতক গাড়িটি চিহ্নিত করে অমৃতপালের কাছে পৌঁছনো সম্ভব হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ