ভোপাল: নিজের মেয়েকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার মধ্যপ্রদেশের ব্যক্তি। অভিযোগ, লাগাতার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। বাড়িতেই তার প্রসব করায় অভিযুক্ত। এরপর সদ্যোজাতকে পাশের এক ঝোপে ফেলে চম্পট দেয়। সদ্যোজাত ওই শিশুর অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। মধ্যপ্রদেশের খারগন জেলার মাহেশ্বর থানার অন্তর্গত এক গ্রামে ঘটনাটি ঘটেছে। সোমবার শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিস। তার শরীরের একাধিক জায়গায় পিঁপড়ে কামড়ানোর ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠানো হয় সদ্যোজাতকে। এরপরই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিস। জানা যায়, সদ্যোজাতের মা এক নাবালিকা। বয়স মাত্র ১৬। অত্যন্ত দুর্বল অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একটু সুস্থ হয়ে ওই নাবালিকা পুলিসকে জানায়, আসল কালপ্রিট তার বাবা। দু’জনে একসঙ্গে দিনমজুরের কাজ করত। সেখানেই দিনের পর দিন অত্যাচার চালিয়েছে বাবা, অভিযোগ নাবালিকার। তার সদ্যোজাত কন্যা সন্তানকে ঝোপে ফেলে দেওয়ার কথাও পুলিসকে জানায় সে। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। তার বিরুদ্ধে পকসো আইনে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।



