নিজস্ব প্রতিনিধি, আসানসোল: টানা বৃষ্টিতে আসানসোল শিল্পাঞ্চলের অন্যতম বড় নদী গাড়ুই ফুলেফেঁপে উঠেছে। সেই গাড়ুই নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বাবা ও ছেলের। আসানসোল উত্তর থানার কাল্লায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতদের নাম অনিল হরিজন (৪৪) ও অমন হরিজন(১৭)।
শুক্রবার দুপুরে দেহ উদ্ধার হতেই মৃতদের পরিবার কান্নায় ভেঙে পড়ে। এদিন সিভিল ডিফেন্সের টিম নদীতে ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার করে।
আসানসোল পুরসভার ৩ নম্বর বরোর চেয়ারম্যান উৎপল সিনহা বলেন, মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিস ও প্রশাসনের উদ্যোগে বাবা-ছেলের দেহ উদ্ধার করা গিয়েছে।
কাল্লা মোড়ের বাসিন্দা অনিল হরিজন ঠেলাগাড়ি চালাতেন। তাঁর ছেলে অমন পড়াশোনা করত। বৃহস্পতিবার বিকেলে অনিলবাবু ছেলেকে নিয়ে মাছ ধরতে যান। তিনি মাছ ধরছিলেন ও তাঁর ছেলে পাশে বসে ছিল। হঠাৎই অনিলবাবু নদীতে পড়ে যান। বাবাকে ডুবতে দেখে অমন নদীতে ঝাঁপ দেয়। স্থানীয়রা জানান, অনিলবাবু সাঁতার জানলেও অমন সাঁতার কাটতে জানত না। সে নদীতে ঝাঁপ দিয়ে বাবার উপরই পড়ে যায়। এতে দু’জনই নদীর গভীরে তলিয়ে যান। বৃহস্পতিবার সন্ধ্যার সময় খবর পেয়ে পুলিস ও প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছন। কয়েকজন উদ্ধারকাজে নেমে বুঝতে পারেন, নদীর এই অংশ খুব গভীর। এরপরই ডুবুরি আনার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সকাল থেকে খোঁজাখুঁজির পর দুপুরে নদীর গভীর থেকে দু’টি দেহ উদ্ধার করে আনেন। এলাকার বাসিন্দা রীনা জয়সওয়াল বলেন, আমাদের পুরো এলাকাই শোকস্তব্ধ। এমন ঘটনা ঘটবে-কখনও ভাবিনি। চলছে উদ্ধারকাজ।-নিজস্ব চিত্র