Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঠান্ডা পড়েনি, আলুর বীজ ফেলে আফশোস চাষিদের

আগাম আলু চাষ করে কার্যত চাষিরা নিজেদের পায়ে কুড়ুল মেরে এখন আফশোস করছেন। আলু বসানোর সময় ঠান্ডা না পড়ায় প্রায় ২৫-৩০ শতাংশ বীজ মাটির তলায় নষ্ট হয়ে গিয়েছে।

ঠান্ডা পড়েনি, আলুর বীজ ফেলে আফশোস চাষিদের
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: আগাম আলু চাষ করে কার্যত চাষিরা নিজেদের পায়ে কুড়ুল মেরে এখন আফশোস করছেন। আলু বসানোর সময় ঠান্ডা না পড়ায় প্রায় ২৫-৩০ শতাংশ বীজ মাটির তলায় নষ্ট হয়ে গিয়েছে। গাছই বের হয়নি। বহু চাষি পতিত জায়গায় ফের বীজ রোপণ করছেন। গাছ বের হতে শুরু করার মাঝে মন-থা, নিম্নচাপের জেরে বৃষ্টির প্রভাব ছিল। ফলে এক সপ্তাহ থেকে দশ দিন পিছিয়ে যাওয়ায় কেউ, কেউ গাছ বের হওয়া জমিতে নতুন করে আলুর বীজ রোপণ করেননি। ওই সব জমিতে স্বাভাবিকভাবেই ফলনে ধাক্কা খাবে। তবে ওই চাষিদের দাবি, আলু তোলার সময় দানা সরু ও মোটার পার্থক্য হওয়ায় দামে তার প্রভাব পড়বে। আলু বিক্রিতেও সমস্যা হবে।

Advertisement

মন-থা ও নিম্নচাপের দাপটে আলু চাষে ক্ষতির আশঙ্কা করেছিলেন চাষিরা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আলু চাষে সেভাবে ক্ষতি করতে পারেনি। আলু চাষে ক্ষতি ডেকে এনেছেন চাষিরা নিজেরাই। বাতাসে ঠান্ডার প্রকোপ পড়ার আগেই চাষিদের তাড়াহুড়োয় আলুর ফলনে চিন্তা বাড়িয়েছে। 
এবার দুর্গাপুজোর আগেই অনেকে জমিতে আলু বসিয়ে ফেলেন। কিন্তু তখন আবহাওয়া বেশ গরম ছিল। বীজের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বহু চাষি কার্যত ঝুঁকি নিয়েই তড়িঘড়ি জমিতে আলু বসিয়ে ফেলেছিলেন। কিন্তু ঠান্ডা না পড়ায় এর ফলে মাটির তলাতেই আলু বীজের মোটা অংশ পচে যায়। বিশেষ করে যে সব চাষি জমিতে কাটা বীজ বসিয়েছিলেন সেসব জমিতে গাছ খুবই কম বেরিয়েছে। অঙ্কুরিত গোটা বীজ যাঁরা বসিয়েছিলেন তাঁদের ক্ষতির মাত্রা তূলনামূলক কম।
আলু চাষি নিত্যগোপাল ঘোষ বলেন, আগাম আলু চাষে ভালো দাম পাওয়া যায়। বীজেরও দাম প্রতিদিন বাড়ছিল। সব ভেবে পুজোর আগেই ধান কেটে সেই জমিতে আলুর বীজ রোপণ করি। কিন্তু গাছ কম বের হওয়ায় এখন আফশোস করা ছাড়া উপায় নেই। মুর্শিদাবাদ জেলায় প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়। এবার তুলনামূলক আলু চাষ কম হয়েছে। বিকল্প হিসেবে অনেকেই সর্ষে চাষ করছেন। এদিকে, কৃষি দপ্তরের দাবি, বাতাসে হিমেল হাওয়ার ছোঁয়া থাকলে মাটির তলায় বীজের পচন কম হয়। সিংহভাগ বীজ থেকেই গাছ বের হয়। ঠান্ডা হাওয়া গাছের বৃদ্ধিতেও সহায়ক।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ