সংবাদদাতা, করিমপুর: প্রতিবেশী বাংলাদেশে অস্থিরতার কারণে উদ্বেগে এদেশের সীমান্তবর্তী এলাকার চাষিরা। গত কয়েক দিন কাঁটাতারের ওপারে চাষ করতে যেতে না পারায় রবিশস্য চাষ নিয়ে চিন্তায় তাঁরা। কয়েক দিন আগে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদি খুন ও তার পরিপ্রেক্ষিতে সে দেশে হিনসা ছড়ানোয় বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় সতর্কতা জারি হয়েছে।
বিএসএফ গত কয়েকদিন হল চাষিদের কাঁটাতারের বেড়ার ওপারে চাষ করতে যেতে নিষেধ করেছে। হোগলবেড়িয়ার কাছারিপাড়া গ্রামের বাসিন্দা প্রহ্লাদ মণ্ডল বলেন, এখানে সীমান্তে একসময় কাঁটাতারের বেড়া থাকলেও গত প্রায় পঁচিশ বছর আগে পদ্মার ভাঙনে সব তলিয়ে যায়। তারপর থেকে এই সীমান্তের দীর্ঘ এলাকায় কাঁটাতারের বেড়া নেই। সেই সময়ে ভারতের বিস্তীর্ণ এলাকা জলের নীচে চলে গেলেও পরে প্রায় সাড়ে চার হাজার বিঘা জমি চরে জেগে ওঠে। সেই জমিতে চাষ করা হয় এবং বাংলাদেশের পাশে হওয়ার জন্য নানা সময়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ফসলের ক্ষতি করে। সীমান্তরক্ষী বাহিনীর পাহারায় চাষিদের এখানে চাষ করতে হয়। ওই গ্রামের চাষি ফটিক মণ্ডল জানান, চরের মাঠে আমার প্রায় পাঁচ বিঘা জমি রয়েছে। সেখানে এখন গম, মুসুর ও সরিষা ফলেছে। এই সময়ে জমিতে যেতে পারছি না। টানা না যেতে পারলে চাষে ক্ষতি হতে পারে। কারণ এই সময় জমিতে জল ও সার দেওয়া দরকার। দেখা যাক ক’দিন পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। শিকারপুর সীমান্তের চাষি বজলূর রহমান বলেন, রবিশস্য ছাড়াও এখন কাঁটাতারের বেড়ার ওপারে বহু চাষি লঙ্কা, বেগুন প্রভৃতি সবজি চাষ করছেন। এই অবস্থায় জমিতে যেতে অনেকে ভয় পাচ্ছেন। আবার অনেক জায়গায় বিএসএফ ওপারে যেতে নিষেধ করছে। তাই অনেকের সমস্যা হচ্ছে।
এ রাজ্যের বেশ কয়েকটি জেলা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। ঠিক যেমন নদীয়া জেলার ওপ্রান্তে রয়েছে বাংলাদেশ। নদীয়া জেলায় এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানকার মানুষ জিরো পয়েন্টে অর্থাৎ কাঁটাতারের ওপারে গিয়ে তাদের জমিতে চাষাবাদ করে থাকেন। দীর্ঘদিন চাষ করলেও বর্তমান পরিস্থিতি ভয়াবহ। এমনটাই জানাচ্ছেন এই দেশের কৃষকেরা। বাংলাদেশের তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সেখানকার পরিস্থিতি আরও অগ্নিগর্ভ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বাংলাদেশ চালাচ্ছে অন্তর্বর্তী ইউনুস সরকার। তবে ছোট বড় সমস্যা প্রথম থেকেই লেগে রয়েছে। কখনও রাজনৈতিক গোলযোগ, কখনও বা সংখ্যালঘুদের উপরে আক্রমণের অভিযোগ। একের পর এক অভিযোগের তির বিঁধছে অন্তর্বর্তী ইউনুস সরকারের উপরে।
সীমান্তের চাষিরা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে কাঁটাতারের বেড়ার ওপারে চাষ করতে যেতে নিষেধ করেছে বিএসএফ। আমাদের ক’দিন অপেক্ষা করতে বলা হয়েছে। যতদিন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, ততদিন কাঁটাতারের ওপারে জমিতে যেতে দেওয়া যাবে না বলে বিএসএফ জানিয়েছে। যদিও বিএসএফ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।