নিজস্ব প্রতিনিধি, বারাসত: আকভানের দাপটে জলের তলায় চলে গেল কৃষকদের পরিশ্রম। টানা বৃষ্টি আর জমা জলে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ কৃষিজমি এখন জলমগ্ন। দেগঙ্গা, আমডাঙা, শাসন, বারাসাত-সহ জেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার বিঘা জমির পাকা ধান জলের তলায়। শুধু ধান নয়, নষ্ট হয়েছে আলু, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কাসহ নানাবিধ শীতকালীন সবজির চাষও।
ফসল ঘরে তোলার মুখেই এমন আকস্মিক বিপর্যয়ে দিশেহারা পরিবারগুলি। চাষের মরশুমের শুরু থেকেই ধারদেনা করে বীজ, সার ও কীটনাশক কিনেছিলেন কৃষকরা। চড়া দামে কৃষি উপকরণ কিনে জমিতে দিনরাত পরিশ্রম করেছিলেন তাঁরা। আশা ছিল, ধান ও শীতকালীন সবজি বিক্রি করে ঋণ শোধ করার পাশাপাশি সংসারের খরচও সামাল দেবেন। কিন্তু আকভানের প্রভাবে লাগাতার বৃষ্টি সেই আশায় জল ঢেলে দিয়েছে। বিস্তীর্ণ জমিতে জল দাঁড়িয়ে থাকায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
আমডাঙার কৃষক সনৎ কর্মকারের কথায়, চাষ করতে গিয়ে অনেক টাকা ধার করতে হয়েছে। বীজ, সার, জমি তৈরি এবং পরিচর্যার পিছনে খরচ হয়েছে বিপুল পরিমাণ অর্থ। ফসল বিক্রি করে সেই দেনা মেটানোর পরিকল্পনা ছিল। কিন্তু জমির ধান জলের তলায় চলে যাওয়ায় এখন কীভাবে ঋণ শোধ করবেন, তা বুঝে উঠতে পারছেন না তিনি। তাঁর আশঙ্কা, সময়মতো জল না নামলে অবশিষ্ট ফসলও বাঁচানো কঠিন হবে।
অন্যদিকে দেগঙ্গার কৃষক আমিরুল ইসলাম মোল্লার বক্তব্য, শুধু ধান নয়, আলু, ফুলকপি, বাঁধাকপি ও লঙ্কার মতো শীতকালীন সবজি চাষেও ক্ষতি হল। ধারদেনা করে সবজি চাষ করেছিলেন অনেকে। বাজারে ফসল বিক্রি করে লাভের মুখ দেখার স্বপ্ন ছিল। কিন্তু জমিতে জল জমে থাকায় সেই স্বপ্ন কার্যত ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে সরকারি সাহায্য ছাড়া কৃষকদের পক্ষে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন।
শাসনের জহর মনির কথাতেও উঠে এসেছে হতাশার ছবি। তাঁর বক্তব্য, একদিকে ফসল নষ্ট, অন্যদিকে মাথায় ঋণের বোঝা। আগামী মরশুমে নতুন করে চাষ করার মতো পুঁজিও অনেকের হাতে থাকবে না। শুধু কৃষকরাই নন, তাঁদের পরিবারের সদস্যরাও এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি জোরালো হচ্ছে।
কৃষকদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে জলমগ্ন কৃষিজমি দ্রুত পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব তৈরি করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ ও সরকারি আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। নাহলে আগামী মরশুমে চাষের খরচ জোগাড় করা তাঁদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নিজস্ব চিত্র



