সংবাদদাতা, কান্দি: আগাম সতর্কতা থাকলেও ঝুঁকি নিয়ে কাটা হয়েছিল আমন ধান। তবে ঝুঁকি নেওয়াটাই কাল হয়ে দাঁড়াল চাষিদের কাছে। সাম্প্রতিক নিম্নচাপের জেরে জমিতে পড়ে থাকা কাটা ধানের আঁটি জলে ডুবে রইল টানা দু’দিন। ফলে ব্যাপক সমস্যায় পড়েন কান্দি মহকুমার পাঁচ ব্লক এলাকার চাষিরা। শনিবার হালকা বৃষ্টিতে ভিজে চাষিদের জমি থেকে ধানের আঁটি তুলতেও দেখা গিয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক ধেয়ে আসা আকভানের প্রভাবে কান্দি মহকুমা এলাকায় টানা দু’দিন ধরে বৃষ্টি লেগেই রয়েছে। বৃষ্টিতে বাজার, হাটে মন্দাভাবও দেখা দিয়েছে। লোকজনকেও রাস্তায় খুব একটা বের হতে দেখা যায়নি বলে দাবি। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন চাষিরা।
আগাম সরকারি সতর্কবার্তা থাকলেও চাষিরা ঝুঁকি নিয়ে আমন ধান কেটেছিলেন বলেই জানা গিয়েছে। তবে বৃষ্টির দাপটে কাটা ধানের আঁটি জমি থেকে ঘরে তুলতে পারেননি চাষিরা। আর সেটাই কাল হয়েছে তাঁদের। দু’দিনের টানা বৃষ্টিতে কান্দির কার্যত সবকটি ব্লক এলাকায় আমনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কান্দি ব্লকের হিজলে। ওই এলাকায় এবছর কয়েক হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছিল বলে চাষিদের সূত্রে জানা গিয়েছে। কয়েকদিন ধরে সেখানে পুরোদমে আমন কেটে আঁটি বেঁধে জমিতেই ফেলে রাখা হয়েছিল। পরে শ্রমিক ও ট্রাক্টরের মাধ্যমে ধানের আঁটি বাড়ির কাছে খামারে নিয়ে এসে ধান ঝাড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু অযথা ঝুঁকি নেওয়ায় লোকসানের মুখে পড়তে হল চাষিদের। ওই এলাকার আমিত্যা গ্রামের চাষি ফুরকান আলি বলেন, কৃষি দপ্তর থেকে আমরা সতর্কবার্তা পেয়েছিলাম নিম্নচাপের। কিন্তু এতটা প্রভাব পড়বে বুঝিনি। ঝিরঝিরে বৃষ্টি হলেও তাতেই চরম ক্ষতির মুখে পড়লাম আমরা। ধানের কাটা আঁটি জমিতেই জলে ডুবে গিয়েছে। স্থানীয় নতুনগ্রাম কৃষি সমবায় সমিতির সভাপতি আশারুল শেখের কথায়, যাকে বলে কাটা ধানে মই দেওয়া, সেটাই হয়েছে। হাজারের বেশি চাষি ধান কেটে জমিতে আঁটি বেঁধে ফেলে রেখেছিলেন। ধানের আঁটি জমি থেকে বাড়িও নিয়ে যেতে পারেননি চাষিরা। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন তাঁরা।
এদিকে প্রায় একই ছবি স্পষ্ট মহকুমার অন্য এলাকাগুলিতেও। ভরতপুর ২ ব্লকের গুলহাটিয়া গ্রামের চাষি প্রবীণ মণ্ডল এদিন জল থেকে কাটা ধানের আঁটি ছেঁকে তুলছিলেন। তিনি বলেন, সরকারি সতর্কবার্তায় গুরুত্ব না দেওয়ার ফল ভুগতে হচ্ছে।
শনিবার ভরতপুর ২ ব্লকের গুলহাটিয়া মৌজায় বৃষ্টিতে ভেজা ধানের আঁটি জমি থেকে ছেঁকে তুলছেন এক চাষি। -নিজস্ব চিত্র



