টানা বৃষ্টিতে ফসল নষ্ট , মাথায় হাত কৃষকদের
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: বিঘা প্রতি বছরে ১০ থেকে ২০ হাজার টাকা, কোথাও তারও বেশি দামে জমি লিজ নিয়ে চাষ করেছিলেন প্রান্তিক কৃষকরা। জমির লিজের পাশাপাশি বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচও বহন করতে হয়েছে তাঁদের। কিন্তু আকস্মিক ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এখন গভীর চিন্তায় তাঁরা।

Advertisement

চাকদহ, কল্যাণী ও হরিণঘাটা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মাঠে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে লিজের টাকা ও চাষের খরচ কীভাবে উঠবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা। তাঁদের কথায়, ফসল নষ্ট হলেও ঋণের বোঝা রয়ে গিয়েছে। কীভাবে ঋণ শোধ করবেন, কীভাবেই বা সংসার চালাবেন, বুঝতে পারছেন না। চান্দুরিয়া-১ গ্রাম পঞ্চায়েতের মলিচাগড়ের বাসিন্দা অনন্ত মাঝি বলেন, ৩০ হাজার টাকা দিয়ে প্রায় দু’বিঘা জমি লিজ নিয়ে ভেন্ডি, রসুন, লঙ্কা, উচ্ছে ও পালংশাক চাষ করেছিলাম। সমস্ত খরচ নিজেই বহন করেছিলাম। কিন্তু বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। এতে বাজারে যদি সবজির দাম বাড়েও তাতে আমাদের ক্ষতিপূরণ মিলবে কি না জানা নেই। এদিকে কৃষিদপ্তর সূত্রে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির উপযুক্ত প্রমাণ সহ আবেদন করলে ক্ষতিপূরণ পাওয়া যাবে।