সংবাদদাতা, ঘাটাল: শস্যবিমার টাকা এখনও ঢোকেনি, সেই ক্ষোভে কৃষি দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। সোমবার চন্দ্রকোণা-১ ব্লক কৃষি দপ্তরে গিয়ে মানিককুণ্ডু গ্রামপঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন কৃষক মিছিল করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ব্লকের প্রতেকটি গ্রামপঞ্চায়েত এলাকার চাষিদের বাংলা শস্যবিমার টাকা অ্যাকাউন্টে ঢুকলেও তাঁদের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েত এলাকার তিনটি মৌজার চাষিদের এখনও পর্যন্ত কোনও বিমার টাকা ঢোকেনি। বিষয়টি নিয়ে তাঁরা বার বার কৃষি দপ্তরে লিখিত আকারে জানিয়েছেন। কিন্তু কৃষি দপ্তর উদাসীন থাকায় কাজের কাজ কিছু হয়নি। সেজন্যই এদিন তাঁরা কৃষি দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। শস্যবিমার টাকা না ঢোকার কথা স্বীকার করেছেন ব্লক সহকারি কৃষি অধিকর্তা সঞ্জয় মণ্ডল। তিনি বলেন, কিছু চাষি শস্যবিমার টাকা কেন পাননি তা আমরা বুঝে উঠতে পারছি না। কিন্তু আমাদের পক্ষ থেকে যা করার করে দিয়েছি। কারণ আমরা চাই নিয়ম মতো প্রত্যেকটি চাষিই শস্যবিমা পাক। চাষিদের মধ্যে উমাকান্ত মণ্ডল, রাজু মণ্ডল প্রমুখ বলেন, ওই গ্রামপঞ্চায়েতের ভবানীপুর, কাশখুলি এবং বাঁকাসুলতানপুর এই তিনটি মৌজার কোনও চাষিই এবার বাংলার শস্যবিমার টাকা পাননি। অথচ এবারের বন্যায় ওই তিনটি মৌজায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিমার টাকা না পাওয়ার পেছনে চাষিরা প্রশাসনিক গাফিলতির বিষয়টির দিকেই আঙুল তুলছেন। এদিনের পুলিস ও কৃষি প্রশাসনের আশ্বাসে চাষিরা বিক্ষোভ থেকে সরে গেলেও এক সপ্তাহের মধ্যে বিমার টাকা না ঢুকলে তাঁরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে তাঁরা হুশিয়ারি দিয়েছেন।-নিজস্ব চিত্র



