Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রস্তুতি ম্যাচ উপভোগ করছেন প্রসিদ্ধ কৃষ্ণা

সদ্যসমাপ্ত আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রাহক প্রসিদ্ধ কৃষ্ণা।

প্রস্তুতি ম্যাচ উপভোগ করছেন প্রসিদ্ধ কৃষ্ণা
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেকেনহ্যাম: সদ্যসমাপ্ত আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রাহক প্রসিদ্ধ কৃষ্ণা। ১৫ ম্যাচে ২৫টি শিকারে পার্পল ক্যাপ জেতেন তিনি। বল হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও দুরন্ত ফর্ম ধরে রাখতে বদ্ধপরিকর তিনি। ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ উপভোগও করছেন তিনি। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাত্কারে ডান-হাতি পেসার বলেছেন, ‘আইপিএলের পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়েছে। টেস্টে তা কাজে আসবে। যখনই সুযোগ পাব সেরাটা মেলে ধরতে মুখিয়ে থাকব। সেই লক্ষ্যে প্রস্তুতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছি। উপভোগ করছি প্রতিটা মুহূর্ত।’

Advertisement

প্রথম এগারোয় প্রসিদ্ধর খেলা নিয়ে অবশ্য অনিশ্চয়তা রয়েছে। কারণ, ‘অটোমেটিক চয়েস’ বুমরাহ। সিরাজের খেলাও নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে অর্শদীপ ও আকাশ দীপের সঙ্গে লড়াই প্রসিদ্ধর। তাঁর মন্তব্য, ‘বেঞ্চে বসে থাকলে ফোকাস ধরে রাখা কঠিন। তবে জানি কখন সুইচ অন মোডে যেতে হবে।’ ভারতের ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রসিদ্ধকে ছন্দে দেখা গিয়েছে। তাঁর কথায়, ‘উইকেটে বোলাদের জন্য সুবিধা রয়েছে। ব্যাটারদেরও বদ্ধপরিকর দেখাচ্ছে।’ উল্লেখ্য, বেকেনহ্যামে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে দুরন্ত শতরান হাঁকিয়েছেন সরফরাজ খান (১০১)। ভারতের ১৮ জনের মূল স্কোয়াডে জায়গা হয়নি এই তরুণ ব্যাটারের। প্রস্তুতি ম্যাচে নির্বাচকদের জবাব দিলেন তিনি। টিম ইন্ডিয়ার ৪৫৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ‘এ’ দলের স্কোর ৬ উইকেটে ২৯৯। প্রসিদ্ধ ও সিরাজ দু’টি করে উইকেট নিয়েছেন। তবে বুমরাহ উইকেট পাননি। জানা গিয়েছে, কোচ গম্ভীরের অনুপস্থিতিতে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। হেড কোচের না ফেরা পর্যন্ত তাঁর তত্ত্বাবধানেই ইংল্যান্ড বধের মহড়া সারবে টিম ইন্ডিয়া। 

সম্পর্কিত সংবাদ