• কথায় বলে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই। এ কথায় পূর্ণ ভরসা রয়েছে অভিনেত্রী রশ্মিকা মন্দানার। সদ্য তা স্বীকারও করেছেন নায়িকা। তিনি জানিয়েছেন, শ্যুটিং সেটে আঘাত পেয়ে আখেরে লাভই হয়েছে তাঁর। কেন? তার কারণ সেরে ওঠার সময়টায় তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রশ্মিকা। তারপরই কাজে ফিরেছেন তিনি। ফলে, বিজয়ের সঙ্গে সময় কাটতে পারেননি। রশ্মিকা জানিয়েছেন, চোট লাগার জেরে অনেকখানি ছুটি পেয়েছেন। এই সময় স্বামীর সঙ্গে সময় কাটানোর সুযোগও পেয়েছেন তিনি। রশ্মিকার কথায়, ‘এটা যেন মহাবিশ্বেরই ইঙ্গিত। বিজয় সিরিয়াস শো দেখতে পছন্দ করে। আর আমি আবার কোরিয়ান ড্রামার ভক্ত। এই সময়টায় বিজয়কে আমার দলে ভিড়িয়ে নিয়েছি।’ উল্লেখ্য, সদ্য শ্যুটিং চলাকালীন কোমরে চোট পেয়েছেন রশ্মিকা। এক মাস বিশ্রামের পর সদ্য তিনি শ্যুটিংয়ে ফিরেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর দু’টি সিনেমা।



