Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি চায় না পরিবার, বিজেপি নেতাদের ফিরিয়ে দিলেন গ্রামের মহিলারাই

মেয়েকে অত্যাচার ও নৃশংস খুন নিয়ে রাজনীতি চায় না পরিবার। তাদের একটাই দাবি, অভিযুক্ত শিক্ষকের ফাঁসি চাই।

মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি চায় না পরিবার, বিজেপি নেতাদের ফিরিয়ে দিলেন গ্রামের মহিলারাই
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: মেয়েকে অত্যাচার ও নৃশংস খুন নিয়ে রাজনীতি চায় না পরিবার। তাদের একটাই দাবি, অভিযুক্ত শিক্ষকের ফাঁসি চাই। বৃহস্পতিবার দুপুরে অবরোধ-বিক্ষোভ চলাকালীন রামপুরহাটে এসডিপিও অফিসে এসে অতিরিক্ত পুলিস সুপারের কাছে শিক্ষকের ফাঁসির দাবি জানান মৃতার বাবা-মা। বিজেপির প্রতিনিধি দলকে মৃতার পরিবারের সঙ্গে কথা বলতে বাধা দেয় গ্রামবাসীদের একাংশ। তাঁদের বক্তব্য, এই মৃত্যু নিয়ে রাজনীতি করতে দেব না। যদিও বিজেপির দাবি, তৃণমূলের লোকজন‌ই বাধা দিয়েছে। মৃতার মা বলেন, আমার মেয়েকে অনেক কষ্ট দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। এটা নিয়ে রাজনীতি হোক, সেটা চাই না। আমাদের একটাই দাবি, অভিযু঩ক্তের ফাঁসি।

Advertisement

গত ২৮আগস্ট সপ্তম শ্রেণির ওই ছাত্রী নিখোঁজ হয়ে যায়। পরে স্কুলেরই শিক্ষক মনোজ পালের নামে অপহরণের অভিযোগ জানায় পরিবার। মঙ্গলবার পুলিসের টানা জেরায় খুনের কথা স্বীকার করে ওই শিক্ষক। তার বিকৃত লালসার শিকার হয়েছে ওই ছাত্রী। শ্বাসরোধ করে খুনের পর টুকরো টুকরো করে তিনটি বস্তাবন্দি করে দেহ সেচনালায় ফেলে দেয় সে। এই ঘটনা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও এলাকার আদিবাসীরা। জল মাপতে আসরে নামে রাজনৈতিক দলগুলি। এদিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গ্রামে যাওয়ার চেষ্টা করে। যদিও মাঝপথে তাঁদের বাধা দেন গ্রামবাসীরা। তাঁরা পরিষ্কার জানান, এই খুন নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। বাধা পেয়ে ফিরে এসে রামপুরহাট থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপির প্রতিনিধি দল। 
ধ্রুববাবু সংবাদ মাধ্যমকে বলেন, আমরা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত চাই। মৃতার পরিবারও সিবিআই তদন্তের দাবি করছে। এলাকার বাসিন্দা নয়, তৃণমূলের রামপুরহাট-১ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য মঙ্গল কিস্কু ও তার লোকজন বাধা দিয়েছে। যদিও মঙ্গল বলেন, বিজেপি কেন, তৃণমূল, সিপিএম কাউকেই এই মৃত্যু নিয়ে রাজনীতি করতে দেব না। আমি এলাকার বাসিন্দা ও আদিবাসী সমাজের নেতৃত্বে থাকায় ওদের বাধা দিয়েছি। কোনও দলের হয়ে নয়। 
এলাকার তৃণমূল নেতা জহরুল ইসলাম বলেন, আমাদের দলের হয়ে কেউ বিজেপিকে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেয়নি। এলাকার লোকজনই বাধা দিয়েছে। বিজেপি অহেতুক এটা নিয়ে রাজনীতি করছে। ঘটনার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখায় সিপিএম। কংগ্রেস নেতা মিল্টন রশিদ পরিবারের সঙ্গে দেখা করেন। শুক্রবার দলের নেতা অধীর চৌধুরী পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন বলে জানিয়েছেন।
মৃতার দিদিমা বলেন, যে দেহ দেওয়া হয়েছে সেটা আমার নাতনির কিনা জানি না। প্লাস্টিকে মুড়ে দিয়েছে। দেহের হাত, পা নেই। নাতনিকে চিনতেই পারিনি। দেহ কবর থেকে তুলে ভালো জায়গায় আবার ময়নাতদন্তে পাঠানো হোক। অত্যাচার করে ওকে খুন করা হয়েছে। আমাদের অনুমান, ওই শিক্ষকের সঙ্গে আরও অনেকে ছিল। ওর একার পক্ষে এভাবে খুন করা সম্ভব নয়। আমরা সিবিআই তদন্ত চাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ