নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিজেকে বিজেপি বিধায়ক পরিচয় দিয়ে থানায় ফোন করছিল এক ব্যক্তি। থানার অফিসার ফোন ধরলেই ‘তোমরা থানায় কী করছ?’ বলে ধমক দেয়। তারপর অশ্রাব্য ভাষায় গালিগালাজও করে। লাগাতা অপমান করার পর ‘রাখুন তো’ বলে সে নিজেই ফোন কেটে দেয়। তবে, ফোন রাখার পরই সন্দেহ হয় পুলিশের। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার পর তদন্ত শুরু করে বাগুইআটি থানা। মোবাইল নম্বর খতিয়ে দেখে জানা যায়, নম্বরটি আসল বিধায়কের নয়। তারপরই পুরুলিয়া থেকে ভুয়ো এলএলএ-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রসিত মুখোপাধ্যায়। পুরুলিয়ার আষড়ায় তার বাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ জুন রাত ১০টা ৪০ মিনিট নাগাদ ওই ফোনটি আসে। ধৃত ব্যক্তি নিজেকে পুরুলিয়ার বলরামপুরের বিজেপি বিধায়ক জলধর মাহাত বলে পরিচয় দিয়েছিল। একজন সাব-ইনস্পেক্টর ফোন ধরেন। তারপর থানার আইসিকে ফোন দেওয়া হয়। আইসি তাঁকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। কিন্তু, ওই ব্যক্তি অফিসারকে ধমক দিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলতে শুরু করে। তারপর ফোন রেখে দেয়। পরদিন ৯ জুন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। তারপরই জানা যায়, যে নম্বর থেকে ফোন এসেছিল, সেটি জলধরবাবুর ফোন নম্বর নয়। তারপরই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। বুধবার পুরুলিয়া থেকে গ্রেপ্তার করে তাকে আনা হয় বিধাননগরে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন সে ফোন করে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।