সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ‘হাতুড়ে চিকিৎসকের ফাঁদে পড়ে ভুল অপারেশন, মৃত্যুশয্যায় যুবক।’ খবরের জেরে নড়েচড়ে বসল মালদহ জেলা প্রশাসন। জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়ার এই ঘটনায় টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন । ভুয়ো চিকিৎসকদের ধরতে এলাকায় এলাকায় ঘুরবে এই টাস্কফোর্স। যদিও যে হাতুড়ে চিকিৎসকের জন্য ওই যুবকের জীবন বিপন্ন, তার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনাপুর গ্রামের বাসিন্দা যুবক রফিকুল ইসলাম বছর খানেক ধরে টিউমারের যন্ত্রণায় ভুগছিলেন।
পাঁচ মাস আগে টালবাংরুয়া গ্রামের হাতুড়ে চিকিৎসক এনামুল হকের কাছে চিকিৎসা করাতে যান। কোনও রকম পরীক্ষা না করেই তিনি একঝলক দেখে পাইলস বলে দাবি করেন। অপারেশন ছাড়া এই রোগ নিরাময় করা সম্ভব নয় বলে দাবি করেন। তিনি পাইলসের অপারেশন করতে গিয়ে টিউমার কেটে ফেলেন। এতেই ঘটে বিপত্তি। অসুস্থ হয়ে পড়েন যুবক। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের লোকেরা চিকিৎসার জন্য বিহারের কাটিহার নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় কলকাতায়। সেখানে গিয়ে জানতে পারেন ভুল অপারেশনের জন্য ইনফেকশন হয়েছে। বর্তমানে দিল্লির এক নার্সিংহোমে চিকিৎসা চলছে তাঁর। রবিবার সেই খবর ‘বর্তমান’ এ প্রকাশিত হয়।
খবর প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই জেলাশাসক টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। সেই টাস্ক ফোর্সে থাকবেন বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনের কর্তারা। হরিশ্চন্দ্রপুর-২ বিডিও তাপস কুমার পাল বলেন, জেলাশাসকের নির্দেশে টাস্কফোর্স গঠন করা হয়েছে। তবে এখনও চিঠি বা মেইল পাইনি।