সংবাদদাতা, আলিপুরদুয়ার: কালচিনির রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের জয়ন্তী নদীতে টেন্ডার ছাড়াই রাস্তা তৈরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ক নিয়ে শুক্রবার সাফাই দিল জেলা পরিষদ। পরিষদের বক্তব্য, ফেব্রুয়ারি মাসে শিব চতুর্দশীতে জয়ন্তী মহাকালে পুণ্যার্থীদের যাওয়ার সুবিধার্থে জরুরি ভিত্তিতে ওই নদীর উপর রাস্তা তৈরি করা হয়েছিল। যেহেতু জরুরি ভিত্তিতে কাজ, সেই কারণে পরে টেন্ডার করা হয়েছিল। তা ছাড়া ওই কাজের বিল এখনও পাশ হয়নি। তবে বোর্ডের লেখায় ব্যাপক অসঙ্গতি ধরা পড়াতেই বিতর্ক তৈরি হয়েছে।
বৃহস্পতিবার জয়ন্তী থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে স্থানীয়দের অভিযোগ, ওই কাজের জন্য ঝোলানো বোর্ডে লেখা আছে ২৮ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত জয়ন্তী নদীবক্ষে রাস্তার কাজ হয়েছে। বোর্ডে লেখা আছে, এই বাজের ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ ৩৭ হাজার টাকা। পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, ধর্মীয় পর্যটনে মহাকালে যেতে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে শিব চতুর্দশীতে ওই নদীবক্ষে রাস্তার কাজ হয়েছিল। ওই কাজের বিল এখনও পাশ হয়নি। ফলে বিতর্কের কিছু নেই।
পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ মিঞ্জও বলেন, এমন অনেক জরুরি কাজ থাকে যে কাজ অনেক সময় দ্রুত করতে হয়। জয়ন্তী নদীবক্ষে জরুরি ভিত্তিতে ওই রাস্তার ক্ষেত্রেও তাই করা হয়েছিল।
যদিও বাসিন্দারা প্রশ্ন তুলেছেন বোর্ডে কাজের সময়সীমা তো জুন-জুলাই মাস লেখা রয়েছে। আর শিব চতুর্দশী তো ছিল ফেব্রুয়ারি মাসে। তখন কিছু চোখে পড়েনি। আর জুন-জুলাই মাসে তো নদীতে জল থাকে। তাহলে রাস্তার কাজ হল কবে? জেলা পরিষদের অবশ্য যুক্তি, প্রতিবছর শিব চতুর্দশীতে জয়ন্তী নদীর উপর অস্থায়ীভাবে রাস্তা তৈরি করে দেওয়া হয়। এবারও হয়েছিল। পরে বর্ষায় সেই রাস্তা জলের তোড়ে উড়ে যায়।