নিজস্ব প্রতিনিধি, আসানসোল: হোটেলের ভেতরেই প্রাক্তন কাউন্সিলরের গোপন ডেরা! বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ হোটেলের মতোই দেখতে হলেও ভিতরে চলছে জুয়ার আসর। কেবল কালীপুজো নয়, অভিযোগ হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে রমরমিয়ে সেখানে চলত টাকার খেলা, ফুর্তি। রাতের অন্ধকারে চলত লক্ষ লক্ষ টাকার জুয়ার খেলা।
অভিযোগ, এই গোটা কারবারের নেপথ্যে ছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সেই হোটেলেই আচমকা হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়েন চন্দন সাহা-সহ চারজন।
ঘটনাকে কেন্দ্র করে ভিরিঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে হোটেলের ভিতরে জুয়ার আসর চালানো হচ্ছিল। ধৃত চন্দন সাহা দুর্গাপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
গতকাল, সোমবার দুর্গাপুর থানা ও ফরিদপুর ফাঁড়ির পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। সেখানেই গ্রেপ্তার করা হয় তাঁকে। ‘তৃণমূল নেতারা জুয়ার ঠেকে পরিণত করেছে দুর্গাপুর শহরে’, কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘোরুই।



