নিজস্ব প্রতিনিধি, তমলুক: ‘নন্দীগ্রাম গণহত্যার বিচার আজও সম্পূর্ণ হয়নি। লক্ষ্মণ শেঠ ১৮১ দিন জেল খেটেছেন। কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি।’ মঙ্গলবার নন্দীগ্রামের করপল্লিতে শহিদ স্মরণ সভায় এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, ‘গতবছর বলেছিলাম, ২০২৬ সালে আমি আসব। কিন্তু চোর তৃণমূলকে পাবেন না। আমার কথা মিলেছে তো? আগামী একশো বছর এদের দেখতে পাবেন না। লিখে রেখে দিন।’
শুভেন্দুবাবু আরও বলেন, ‘২০০৮ সাল থেকে রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি শহিদ পরিবারকে নিয়ে পালিত হয়। রাজনৈতিক ব্যানার পতাকা ছাড়াই হচ্ছে। এখন আমরা সরকারে আছি। প্রশাসনকেও এই কাজে ব্যবহার করি না। সম্পূর্ণভাবে আন্দোলনের প্লাটফর্ম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারেই এটা হচ্ছে।’
২০০৭ সালে ১০ নভেম্বর নন্দীগ্রামে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার আশায় সূর্যোদয় অভিযানের ডাক দিয়েছিল তৎকালীন শাসক দল সিপিএম। সেদিনের রক্তাক্ত অভিযানে হতাহতের ঘটনা ঘটেছিল। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। প্রতিবছর এই দিনটিতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের অধীন গোকুলনগর পঞ্চায়েতের করপল্লিতে শহিদ স্মরণ কর্মসূচি নেয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। ২০২১ সাল থেকে তৃণমূল ও বিজেপি দুই দল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে কর্মসূচি নিত। এবার তৃণমূল শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে নেই।



