শীতে আরাম ও স্টাইল দুই-ই বজায় রাখতে বেছে নিন নতুন ধরনের মাফলার।
শীতে আরাম ও স্টাইল দুই-ই বজায় রাখতে বেছে নিন নতুন ধরনের মাফলার।
• জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়। বহু বছর পর এমন ঠান্ডা উপভোগ করছেন শহরবাসী। নানা আনন্দ অনুষ্ঠানে মেতেছেন সকলে। উজ্জ্বল রঙের পোশাকে বেরিয়ে পড়েছেন। এই শীতে আপনি কোনটিকে প্রাধান্য দেবেন? উলের পোশাকের আরাম নাকি নিজের পছন্দমতো স্টাইল? দুটোই মাথায় রাখতে চাইলে বেছে নিতে পারেন নানা ধরনের মাফলার। নতুন বছর মানে ফ্যাশন দুনিয়ায় একঝাঁক নতুন স্টাইল। শীতের মরশুমে পুরুষ, মহিলা নির্বিশেষ ব্যবহার করতে পারেন মাফলার। সোয়েটার, কার্ডিগান বা অন্য ধরনের পোশাকের সঙ্গে কীভাবে মাফলার দিয়ে স্টাইল করবেন? সহজ কিছু পরামর্শ দিলেন ফ্যাশন ডিজাইনার সোমশুভ্র চক্রবর্তী এবং চৈতালি চক্রবর্তী।
• বিভিন্ন রঙের মাফলার বা বিভিন্ন ধরনের মাফলার আজকাল ট্রেন্ডিং। নতুন বছরে আর পুরনো ধাঁচের মাফলার নয়। প্রথমেই আপনি বেছে নিতে পারেন ইনফিনিটি মাফলার। এই ধরনের মাফলার বড় এবং গোলাকার হয়। গলার কাছে রাবার ব্যান্ডের মতো দুই ভাঁজ করে পেঁচিয়ে ব্যবহার করাই শ্রেয়। লম্বা করে গলায় ঝুলিয়ে নিলেও এই মাফলার বেশ নতুন স্টাইল তৈরি করতে পারে। কান বা মাথা নয় শুধুমাত্র গলার কাছেই এর সৌন্দর্য। শাড়ির সঙ্গে এই মাফলারগুলি ভালো মানানসই হয়। এছাড়া আপনি যদি ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরতে ভালোবাসেন তাহলেও ব্যবহার করতে পারেন ইনফিনিটি মাফলার। স্কার্ট টপের সঙ্গেও এটি ট্রাই করতে পারেন। সৌন্দর্যের দিক থেকে আরও কিছুটা প্রাধান্য দিতে চাইলে ব্রোচের মতো ছোট কোনও অ্যাকসেসেরিজ দিয়েও স্টাইল করতে পারেন।
• ওভারসাইজড মাফলারও এখন বেশ ট্রেন্ডি। বড় লম্বা এই মাফলার নানারকম ভাবে পেঁচিয়ে ব্যবহার করা যেতে পারে। যাঁরা নট না বানিয়ে মাফলার পরতে স্বচ্ছন্দ বোধ করেন তাঁরা এই মাফলারকে সামনে গলা থেকে লম্বা করে ঝুলিয়েও পড়তে পারেন। এই ধরনের মাফলারও ওয়েস্টার্ন যে কোনও পোশাকের সঙ্গে ভালো মানায়। বিশেষ করে, জিন্সের সঙ্গে টপ বা লম্বা কোট বা কার্ডিগান পরলে এই ধরনের মাফলার বেশি স্টাইলিশ দেখতে লাগে।
• ফ্রিঞ্জ মাফলারও ইদানীং খুব জনপ্রিয়। লম্বা ধরনের এই মাফলারের নীচের অংশগুলিতে বিভিন্ন ধরনের টার্সেল ঝোলানো থাকে। এগুলোও বিভিন্ন ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে বেশ ভালো মানায়। কেমন মাফলার আকর্ষণীয় আরামের পাশাপাশি স্টাইল নিয়ে ভাবলে মাফলারের রং নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারেন। প্রতি বছরের জন্যই কোনও না কোনও রং ‘থিম কালার’ হিসেবে নির্বাচিত হয়। এই বছরেও তার অন্যথা হয়নি। ২০২৬-এ থিম কালার নির্বাচিত হয়েছে ‘ক্লাউড ডান্সার’। যা একধরনের ফ্যাকাসে সাদা রং। এছাড়া, তুঁতে, উজ্জ্বল লাল, ক্যান্ডি পিঙ্ক, হলুদের নানা শেডের মাফলার দিয়ে দারুণ ফ্যাশনেবল ভাবে সেজে ওঠা সম্ভব।
তুঁতে রঙের পোশাকের সঙ্গে চকোলেট রঙের মাফলার ব্যবহার করা যেতে পারে। আবার ধরুন, আপনি যদি ফ্যাকাসে সাদা রঙের কোনও পোশাক পরেন তাহলে উজ্জ্বল লেমন, উজ্জ্বল লালকেও সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন।
মনে রাখতে হবে, যে কোনও পোশাকের সঙ্গে যে কোনও রঙের বা যে কোনও ধরনের মাফলার আপনি ব্যবহার করতে পারেন। তবে, আপনার পোশাকের উপর আপনার মাফলার যেন আকর্ষণীয় দেখতে লাগে। অবশ্যই সবশেষে রং-বেরং, ট্রেন্ড, স্টাইল ইত্যাদির থেকেও গুরুত্বপূর্ণ হল আপনার ইচ্ছে এবং পছন্দ। কারণ, আপনার আত্মবিশ্বাসই আপনার অনন্য ‘ফ্যাশন’।
কথিকা পাল