লন্ডন: বাইশ গজের লড়াইয়ে বেন স্টোকস ও শুভমান গিল, অধিকাংশ ক্ষেত্রে দু’জনের অবস্থান একেবারে উল্টো মেরুতে। তবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির ঠাসা সূচি নিয়ে একমত উভয়েই। রবিবার শেষ হয়েছে ওল্ড ট্রাফোর্ড টেস্ট। আর বৃহস্পতিবার ওভালে সিরিজের পঞ্চম টেস্টে নেমে পড়ছে ইংল্যান্ড ও ভারত। মাঝে মাত্র তিনদিনের বিরতি। এটাই মানতে পারছেন না তাঁরা।
ইংল্যান্ডের স্থায়ী ক্যাপ্টেন বেন স্টোকস বলেছেন, ‘পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এটা। দুটো টেস্টের মধ্যে সময় একদমই নেই। আর একটু সময় থাকলে ভালো হতো। দুটো টেস্টের ক্ষেত্রে আমরা ৮-৯ দিনের গ্যাপ পেয়েছি। আবার অন্য দুটো ম্যাচের ক্ষেত্রে বিশ্রামের সময় মিলেছে মাত্র তিন দিনের। লম্বা সিরিজে প্রতিটা টেস্টের মধ্যে অন্তত পাঁচ দিনের থাকা উচিত। তা না হলে খেলোয়াড়দের পক্ষে কঠিন হয়ে পড়ে। বোলাররা প্রচুর ওভার বল করছে প্রত্যেক টেস্টে। অনেকটা সময় ফিল্ডিংও করতে হচ্ছে। সূচি প্রস্তুতের সময় এই বিষয়গুলি মাথায় রাখা জরুরি।’
শুভমান গিলের মতে, ‘এই সিরিজে প্রতিটা টেস্টই পাঁচ দিন গড়িয়েছে। শুধু তাই নয়, পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত চলেছে খেলা। আমার তো এমন কোনও সিরিজ মনে পড়ছে না, যেখানে চারটি টেস্টেরই শেষ সেশনে ফয়সালা হয়েছে। ফলে ব্যাপারটা বেশ কঠিন। এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র তিন দিনের ব্যবধানে ফের ম্যাচে নামা রীতিমতো ধকলের। পাশাপাশি এটাও ঠিক যে, প্রতিটা টেস্টের আগে পাঁচ-ছয় দিনের গ্যাপ রাখলে সফরটা অনেক বড় হয়ে যায়। এই ব্যাপারে দুই দেশের বোর্ডকে ভাবতে হবে।’