নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। রাত বাড়লে পথঘাট অনেকটাই ফাঁকা। অথচ এমন পরিবেশে কার্যত খোলা আকাশের নীচে কাটাতে হল জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ক্রীড়াবিদদের। গোটা ঘটনায় শুরু তোলপাড়। অথচ দায়সারা মন্তব্য দিয়েই দায় এড়াল জাতীয় বক্সিং সংস্থা।
গ্রেটার নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় বক্সিংয়ের আসর বসেছে। প্রথমে ঠিক ছিল ৩০ ডিসেম্বর শুরু হবে প্রতিযোগিতা। পরে উদ্বোধনের দিন ঠিক হয় ৪ জনিুয়ারি। বৃহস্পতিবার বক্সিং চ্যাম্পিয়নশিপের শেষ দিন। সূত্রের খবর, তারিখ পরিবর্তনের কথা হোটেল কর্তৃপক্ষকে জানানোই হয়নি। বেমালুম ভুলে গিয়েছেন আয়োজকরা। ফলে শুক্রবার ভেন্যু থেকে হোটেলে ফিরে চরম অব্যবস্থার সম্মুখীন হতে হয় কোচ, খেলোয়াড়দের। অভিযোগ, বিভিন্ন রাজ্যের বক্সারদের কার্যত হোটেল থেকে বার করে দেওয়া হয়। প্রবল অব্যবস্থার মুখে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টা পর বিভিন্ন লজ ও হোটেলে পাঠানো হয় বক্সারদের। গোটা ঘটনায় মুখ পুড়ছে জাতীয় সংস্থার। অস্বস্তিতে গেরুয়া শিবিরও। কয়েকদিন আগে খোদ প্রধানমন্ত্রী বিভিন্ন ক্রীড়া প্রশাসনকে বড় সার্টিফিকেট দিয়েছিলেন। জোর গলায় বলেন, বিজেপি আমলে স্বজনপোষণ বন্ধ। তবে শুক্রবারের এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে গোটা মহল। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর যাবতীয় দাবি যে নেহাতই সস্তার প্রচার, তা আরও একবার প্রমাণিত।