পুজোর মুখে বজবজ শাখায় বাড়তি  ট্রেন, তিন পুজোর উদ্বোধনে সুকান্ত, ৫ থানায় ৭৬৫ কমিটিকে অনুদানের চেক
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: দুর্গাপুজোর মুখে বজবজ শাখার নিত্যযাত্রীদের সুখবর দিল রেল। শিয়ালদহ-কোমাগাতামারু বজবজ শাখায় আপ ও ডাউনে রাতের দিকে শেষ ট্রেন হিসাবে একজোড়া নতুন ট্রেন চালুর কথা ঘোষণা করা হল। সোমবার ১২ অক্টোবর থেকে তা শুরু হয়ে গেল। শিয়ালদহ থেকে রাত ১০-৫৫ মিনিটে ছাড়ছে। বজবজ গিয়ে পৌঁছচ্ছে রাত ১১টা ৪৩ মিনিটে। ফের বজবজ থেকে ছাড়ছে ১১টা ৫৪ মিনিটে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নতুন একজোড়া ট্রেন চালু থাকবে। এমনটাই দাবি পূর্ব রেল কর্তৃপক্ষের। এর পাশাপাশি পূর্ব রেল কর্তৃপক্ষ এও ঘোষণা করেছে যে, এইসময়ের ভিতর শেষরাতের এই নতুন ট্রেনে যাত্রীসমাগম বাড়লে আগামী দিনে তা বহাল থাকবে। নাহলে তা তুলে নেওয়া হবে। শিয়ালদহ-বজবজ শাখার রেলযাত্রী সমিতির সদস্য সুজয় দাস বলেন, করোনার আগে শিয়ালদহ বজবজ শাখায় রাতের এই শেষ ট্রেনটি চালু ছিল। কিন্তু করোনার পর তা তুলে দেওয়া হয়েছিল। এ নিয়ে এই শাখার মানুষ গণস্বাক্ষর করে পূর্ব রেল কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে ফের এটি চালুর দাবি করেছিল। এনিয়ে নানা জায়গায় চিঠি চালাচালি হয়। দীর্ঘ সময় পর ফের রাতের শেষ ট্রেনটি পুজোর আগে চালু হওয়ায় খুশী নিত্যযাত্রীরা। পূর্ব রেলকে ধন্যবাদ। অন্যদিকে, এদিন সন্ধ্যায় মহেশতলা ও বজবজ মিলিয়ে তিনটি পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রথমে তিনি মহেশতলার বাটা নিউল্যান্ড পুজো কমিটির অযোধ্যা রামমন্দিরে যান। তারপর যান বাটা দীপাঞ্জলির পুজোয়। সবার শেষে বজবজের হালদারপাড়া সার্বজনীন পুজোর উদ্বোধন করেন তিনি। তিনটি পুজোর উদ্যোক্তাদের পুজোর ভাবনা ও উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী।এদিকে, রাতে বজবজ থানা পুজো কমিটি পিছু সরকারি অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেয়। ১২৬টি কমিটি এই টাকা পেল। নোদাখালি থানা ১৬৪টি পুজো কমিটির হাতে পুজোর অনুদানের চেক তুলে দেয়। মহেশতলা থানা থেকে দেওয়া হয়েছে ২৫২টি পুজো কমিটিকে। অন্যদিকে, পুজালি থানা ২৭টি পুজো কমিটির হাতে অনুদানের চেক তুলে দিয়েছে। ১৯৬টি পুজো কমিটিকে চেক দেওয়া হয়েছে ফলতা থানা এলাকায়। অর্থাৎ স্থানীয় পাঁচটি থানা থেকে ৭৬৫টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে।

Advertisement