নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্দারমণিতে হোটেল ভাঙার নির্দেশের উপর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানান, আপাতত আরও তিনমাস, অর্থাৎ হোটেল ভাঙা স্থগিত থাকবে সেপ্টেম্বর পর্যন্ত। এইসময়ের মধ্যে কেন্দ্রের কাছে কয়েকটি বিষয়ে রিপোর্ট তলব করেছেন বিচারপতি সিনহা।
মন্দারমণিতে সমুদ্র সৈকত লাগোয়া প্রায় ১৪০টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। এনজিটির সেই নির্দেশ মেনে ওই হোটেলগুলি ভাঙার নির্দেশ দেন জেলাশাসক। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন কয়েকজন হোটেল মালিক। তার ভিত্তিতে জেলাশাসকের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত।
তবে এদিন কোস্টাল রেগুলেশন জোন নিয়ে বিচারপতির প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। কোস্টাল রেগুলেশন জোন অনুযায়ী কতদূর পর্যন্ত স্থায়ী নির্মাণ করা যায়, এবং আইন অনুযায়ী সেখানে হোটেল চালানো যায় কি না—সেই বিষয়ে কেন্দ্রের জবাব তলব করেছেন বিচারপতি। পরবর্তী শুনানি ২৬ সেপ্টেম্বর।