Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, আটক ২

সিউড়িতে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, আটক ২
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সাঁইথিয়ার পর এবার সিউড়িতে বোমা বিস্ফোরণে উড়ল বাড়ি। সিউড়ি থানা এলাকার কুখুডিহিতে বুধবার মাঝরাতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে উড়ে যায় একটি ঘরের টিনের ছাউনির একাংশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, টিনের ছাউনির বেশকিছু অংশ ছিন্নভিন্ন হয়ে আশেপাশের আম, কুল ও তালগাছের মগডালে গিয়ে পড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। গোটা এলাকা আতঙ্কে থমথম করছে। ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই সিউড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে যায়। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে। বাড়ির মালিক পলাতক। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণ নিয়ে মুখ খুলতে নারাজ। প্রকাশ্যে কেউই কোনও মন্তব্য করতে চাইছেন না। সিউড়ি থানার আইসি জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ওই ঘরটিতে বোমা মজুত ছিল। সেই বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাড়ির মালিকের খোঁজ চলছে।  

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেটি পরিত্যক্ত ছিল। ঘরের ভিতরে অব্যবহৃত বেশকিছু সামগ্রী মজুত ছিল। ঘরটির দেওয়াল মাটির, উপরে টিনের ছাউনি। অন্যদিকে, বারান্দার পাঁচিল কংক্রিটের তৈরি। এদিন সকালেও ওই এলাকায় বারুদের গন্ধ পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি শেখ মুর্তাজা নামে এক ব্যক্তির। তবে, কী উদ্দেশে সে বাড়িতে বোমা মজুত করেছিল এবং কী করেই বা বিস্ফোরণ ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 
এর আগে সাঁইথিয়া থানা এলাকার দক্ষিণ সিজা ও আকুড্ডিতে পৃথক দু’টি বাড়িতে পর পর বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছিল পুলিস। এখনও সাঁইথিয়া থানা এলাকাজুড়ে বোমা খুঁজতে অভিযান চলছে। একাধিক সময়ে বেশকিছু বোমাও উদ্ধার হয়েছে। যদিও উদ্ধার হওয়া বোমাগুলি কে বা কারা মজুত করেছিল সে বিষয়ে পুলিসের কাছে এখনও স্পষ্ট কোনও তথ্য নেই। এরই মাঝে সিউড়ির কুখুডিহিতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে। 
জেলা বিজেপির সহ সভাপতি দীপক দাস বলেন, কুখুডিহি খুবই স্পর্শকাতর এলাকা। ওই এলাকা থেকে অতীতেও অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। এই পুলিসের উপর আমাদের কোনও আস্থা নেই। অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, এসব ঘটনার পিছনে বিজেপির যুক্ত থাকার আশঙ্কা রয়েছে। পুলিস অ্যাক্টিভ রয়েছে, যথেষ্ট ভালো কাজ করছে। দলমত নির্বিশেষে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিসকে জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ