Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গোপসাগরে একসঙ্গে দু’টি নিম্নচাপ, চিন্তায় বিশেষজ্ঞরা

বঙ্গোপসাগরে একই সঙ্গে দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে। নিম্নচাপ দুটি শক্তি বৃদ্ধি করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে, আজ মঙ্গলবার দক্ষিণ আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে।

বঙ্গোপসাগরে একসঙ্গে দু’টি নিম্নচাপ, চিন্তায় বিশেষজ্ঞরা
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে একই সঙ্গে দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে। নিম্নচাপ দুটি শক্তি বৃদ্ধি করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে, আজ মঙ্গলবার দক্ষিণ আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটির গতিপ্রকৃতি কী হবে, সেই ব্যাপারে সোমবারও কিছু বলা হয়নি। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলে একটি নিম্নচাপ আজ মঙ্গলবার নাগাদ তৈরি হবে। সেটিও শক্তি বৃদ্ধি করবে। তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সেই ব্যাপারে কোনও কিছু বলা হয়নি। আবহাওয়াবিদরা বলছেন, একই সঙ্গে দুটি শক্তিশালী নিম্নচাপ একই সমুদ্রে দুটি জায়গায় তৈরি হতে দেখা যায় না। দুটি নিম্নচাপের উপস্থিতির কারণে শেষ পর্যন্ত কী পরিস্থিতি হয়, সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

Advertisement

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তুরে হাওয়া কিছুটা সক্রিয় হওয়ার ফলে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ  ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। তবে তাপমাত্রা হ্রাস সাময়িকভাবে হবে। তাপমাত্রা বুধবারের পর থেকে ফের কিছুটা বেড়ে যাবে। 

সম্পর্কিত সংবাদ